রোনালদোর বয়স একটু কম হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর মন এখনো মাঠেই।  ফাইল ছবি
রোনালদোর মন এখনো মাঠেই। ফাইল ছবি

ফুটবল থেকে পেয়েছেন সম্ভব প্রায় সবকিছুই৷ ব্রাজিলের জার্সিতে দুবার করে জিতেছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা৷ একবার কনফেডারেশনস কাপ৷ ব্যক্তিগত সাফল্যে উদ্ভাসিত হয়ে ঠাঁই করে নিয়েছেন সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়৷ ফিফা বর্ষসেরা, ব্যালন ডি’অর, গোল্ডেন ফুট, বিবিসির বর্ষসেরা, বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল...কী জেতেননি সেই তালিকা করা বরং সহজ৷ খেলা ছাড়ার পর এবার নিজ দেশের বিশ্বকাপের দূত তিনি৷ গৌরবময় ক্যারিয়ারে প্রাপ্তির ভিড়ে টুকটাক আক্ষেপ চিড়ে-চ্যাপ্টা হয়ে আছে৷ তবে এবার বিশ্বকাপের দূতিয়ালি কাজ করতে গিয়ে একটা আক্ষেপ প্রায়ই মাথাচাড়া দিয়ে উঠছে রোনালদোর মনে৷ যদি বয়সটা আরেকটু কম হতো, খেলতে পারতেন ঘরের মাঠের বিশ্বকাপে!
১৭ বছর বয়সে ১৯৯৪ বিশ্বকাপে শুরু রোনালদোর বিশ্বকাপ অভিযান৷ সেবার অবশ্য মাঠে নামার সৌভাগ্য হয়নি৷ তবে খেলেছেন পরের তিনটি বিশ্বকাপেই৷ ২০০২ বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে দলকে পাইয়ে দিয়েছেন শিরোপা, ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল হারলেও টুর্নামেন্ট সেরা হয়ে রোনালদো জিতেছিলেন গোল্ডেন বল৷ ২০০৬ বিশ্বকাপে জার্ড মুলারকে ছাড়িয়ে গড়েছেন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড৷ তবু বিশ্বকাপ এবার খানিকটা হাহাকার জাগাচ্ছে ৩৭ বছর বয়সী সাবেক স্ট্রাইকারের মনে, ‘আমাদের দেশে বিশ্বকাপ হচ্ছে এবার৷ সত্যি, আমার বারবারই মনে হচ্ছে যদি বয়সটা আরও কয়েক বছর কম হতো আর ওজন থাকত ৪৫ পাউন্ড কম! দেশের মাটিতে দেশের দর্শকের সামনে বিশ্বকাপ খেলা—এই সুযোগ জীবনে একবারই আসে!’
রোনালদো কথাটি বলছিলেন ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা প্রসঙ্গে৷ উত্তরসূরিদের নিয়ে দারুণ আশাবাদী ‘দ্য ফেনোমেনন’, বিশ্বকাপ শুরুর আগে এই দলটিকে এগিয়ে রাখছেন ২০০২ বিশ্বকাপ জয়ী দলটি থেকেও৷ আলাদা করে বললেন হালের স্বদেশি আলোড়ন নেইমারের কথাও, ‘আমরা যে অবস্থায় ২০০২ বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম, এবারের দলটি তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামছে৷ আমার তো ধারণা, এবারের দলটি দারুণ শক্তিশালী৷ দারুণ সব প্রতিভা নিয়ে খুবই ব্যালান্সড দল৷ নেইমার তো দুর্দান্ত, অসাধারণ প্রতিভাবান৷ শুধু এবারই নয়, ভবিষ্যতের জন্যও আমাদের বড় এক সম্পদ সে৷’
বিশ্বকাপে রোনালদোর ১৫ গোলের রেকর্ড হাতছাড়া হওয়ার যথেষ্ট শঙ্কা আছে এবার৷ ১৪ গোল নিয়ে জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে দুইয়ে থাকা মিরোশ্লাভ ক্লোসা খেলছেন এবারও৷ রোনালদোকে পেছনে ফেলার হুঙ্কারও ছুঁড়েছেন কদিন আগে৷ ক্লোসার লক্ষ্য নিয়ে খানিকটা মজাও করলেন তিনবারের ফিফা বর্ষসেরা, ‘এমন নয় যে ক্লোসা রেকর্ড ভাঙতে চাইছে বলে আমার ঘুম হচ্ছে না! আমি বরং ওর খারাপ কামনা করছি, সামান্য একটু! আমার সব বন্ধু ও ভক্তরাও খারাপ চাইবে ওর! আসলে সত্যি বলতে, আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না৷ রেকর্ডের জন্মই হয় ভাঙার জন্য৷ যুগ যুগ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে থাকার ভাবনা আমার নেই৷ সেটা তো সম্ভবও নয়৷’
গত পরশু সাও পাওলোতে স্থানীয় এক পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে রোনালদোর কথোপকথন কিন্তু স্রেফ এই সুখস্মৃতির জাবরকাটা আর মজা-রসিকতায় আটকে ছিল না৷ বিশ্বকাপের দূত ক্ষোভ ঝেড়েছেন আয়োজকদের ওপর৷ কদিন আগেও একবার প্রস্তুতি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন৷ পরশু বললেন, দূত হিসেবে তাঁর নিজেরই লজ্জা লাগছে প্রস্তুতি নিয়ে, ‘প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিমানবন্দর বানানো হবে, পরিবহন ব্যবস্থা ও অবকাঠামোর প্রভূত উন্নয়ন হবে৷ আমি হতাশ, এসবের অনেকটাই বাস্তবায়িত হয়নি৷ বিশ্বকাপ শুরুর সময় বড়জোর শতকরা ৩০ ভাগ কাজ সম্পন্ন হবে৷ আমি এতে ভীষণ লজ্জিত৷ ব্রাজিলের মানুষ, যাঁরা ভেবেছিলেন বিশাল অঙ্কের বিনিয়োগের সুফল পাওয়া যাবে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে, তাঁদের কথা ভেবে আমি লজ্জিত ও বিব্রত৷’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট৷