রোনালদোর বিদায়ী ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো ভাবতে পারেননি, হলুদ জার্সিটা আর কোনো দিন তাঁর গায়ে উঠবে। ‘শরীর আর চলছে না’ বলে ফুটবলকে বিদায়ও জানিয়ে দিয়েছেন। কিন্তু আগামীকাল ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিটা আবার গায়ে উঠছে রোনালদোর। খেলবেন রোমানিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে। না, অবসর ভেঙে আবার ফুটবলে ফেরেননি ‘দ্য ফেনোমেনন’। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রোনালদোকে সুযোগ দিয়েছে মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার। সাও পাওলোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে।পেলে, জিকো, রোমারিওর মতো রোনালদো ফুটবলকে বিদায় জানাতে পারছেন মাঠ থেকেই। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের (১৫) মালিকের এটা প্রাপ্য বলেই মনে করেন সিবিএফ সভাপতি রিকার্ডো টিসেইরা, ‘আমি নিশ্চিত, দারুণ একটা ব্যাপার হবে। আমার দেখা সেরা খেলোয়াড় সে। একটি বিদায়ী ম্যাচ রোনালদোর প্রাপ্য।’তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় খুব বেশিক্ষণ খেলবেন না। কোচ মানো মেনেজেস বলেছেন, কিছুটা সময় মাঠে কাটাবেন রোনালদো। বিভিন্ন পত্রপত্রিকা ইঙ্গিত দিয়েছে, সেই ‘কিছুটা সময়’ পনেরো মিনিট। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের সাবেক খেলোয়াড়ের সঙ্গে এই ১৫ মিনিট খেলার জন্যই উন্মুখ হয়ে আছেন বর্তমান ব্রাজিলের প্রধান দুই ফরোয়ার্ড রবিনহো ও নেইমার। ‘দ্য ফেনোমেননের সঙ্গে আবার খেলতে পারা হবে দারুণ এক ব্যাপার’—বলেছেন রবিনহো। ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচ খেলে ৬৭ গোল করা রোনালদো বিদায়ী ম্যাচ নিয়ে প্রস্তুতির পাশাপাশি ভাবছেন ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও। আপাতত ক্রীড়া বিপণন এজেন্সি ‘নাইন’ নিয়ে কাজ করবেন তিনি। এই কোম্পানিটির অংশীদারও রোনালদো। ওয়েবসাইট।