রোনালদোর বিপক্ষেই খুশি নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টোটাও হতে পারত। শেষ বাজিটা বার্সেলোনা না জিতে রিয়াল মাদ্রিদ জিতলে নেইমারের ঠিকানা হতো সান্তিয়াগো বার্নাব্যু। সতীর্থ হিসেবে পেতেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু সেটা হয়নি। হয়নি বলেই রোনালদো এখন নেইমারের সতীর্থ নন, প্রতিপক্ষ। যাঁর জন্য শ্রদ্ধার কমতি নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। রোনালদোর বিপক্ষে খেলাটাও যে দারুণ সম্মানের হবে, সেটা রাখঢাক না রেখেই স্বীকার করলেন নেইমার।

রিয়াল মাদ্রিদের প্রলোভন উপেক্ষা করে বার্সেলোনাকে বেছে নেওয়াটা মোটেও সহজ ছিল না। দুটি প্রস্তাব নিয়ে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত নাকি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিলেন নেইমার, ‘আমি চোখ বন্ধ করে ঈশ্বরকে বললাম, আমাকে সঠিক পথ দেখাতে এবং তারপরই বার্সেলোনাকে বেছে নিলাম। সিদ্ধান্তটা এসেছে আমার হূদয় থেকে।’

হূদয়ের কথা শুনেছেন বলে যেমন মেসি-জাভি-ইনিয়েস্তাদের সতীর্থ হিসেবে পেয়েছেন, তেমনি প্রতিপক্ষ হয়েছেন রোনালদোর। তবে ‘সিআর-৭’-এর বিপক্ষে খেলাটাও যে দারুণ সম্মানের, সেটা বলছেন অকপটেই, ‘সে দুর্দান্ত ফুটবলার। তার দক্ষতা অসাধারণ এবং তার বিপক্ষে খেলাটাও সম্মানের। আশা করছি, এ লড়াইয়ে আমিই জিতব।’

মেসির সতীর্থ ও রোনালদোর প্রতিপক্ষ হয়ে মাঠে নামার ঢের দেরি এখনো। তবে ন্যু ক্যাম্পে পা রাখছেন সামনের সোমবারই। ওই দিনই ক্লাবের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হবে, দেওয়া হবে জার্সি। তার আগের দিন কনফেডারেশনস কাপের প্রস্তুতি হিসেবে মারাকানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই ম্যাচে নেইমারও আছেন। তবে জুনের মাঝামাঝি শুরু হতে যাওয়া ওই আসরে শিরোপার দাবিদার হিসেবে নিজের দেশের চেয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকেই এগিয়ে রাখছেন নেইমার, ‘এই মুহূর্তে স্পেনই সবচেয়ে ভালো ফুটবল খেলে। ওদের ফুটবলাররা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। অন্যদিকে ব্রাজিল দলটা একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে।’ এএফপি, রয়টার্স