রোনালদোর বেতনে ঈর্ষান্বিত নন মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের বাইরেও লড়াই আছে রোনালদো-মেসির। বার্ষির বেতনের অঙ্কের দিক দিয়ে সেই লড়াইটায় মেসিকে হারিয়ে দিলেন রোনালদো। ফাইল ছবি
মাঠের বাইরেও লড়াই আছে রোনালদো-মেসির। বার্ষির বেতনের অঙ্কের দিক দিয়ে সেই লড়াইটায় মেসিকে হারিয়ে দিলেন রোনালদো। ফাইল ছবি

একসময় দুজনের বেতনটা কাছাকাছিই ছিল। একটু কম-বেশি। কিন্তু লিওনেল মেসিকেই শুধু নয়, বিশ্বের আর সবাইকে টপকে ক্রিস্টিয়ানো রোনালদোই এখন রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিক পান। মেসি দাবি করতেই পারেন, রোনালদোর চেয়ে তিনি কম কিসে! যাঁর সঙ্গে তাঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সেই রোনালদোর বেতনের রেকর্ড বৃদ্ধি ঈর্ষার সূক্ষ খোঁচার অনুভূতি এনে দিতেই পারে মেসির মনে।

মেসি তাই দাবি করতেই পারেন, তাঁরও বেতন বাড়িয়ে দেওয়া হোক। এমন একটা গুঞ্জন শোনাও গিয়েছিল, মেসি নাকি সেই দাবি করেছেনও। তবে বার্সেলোনা সভাপতি সান্দ্রো রসেল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, বেতন বাড়ানোর কোনো দাবিই ক্লাবের কাছে তোলেননি মেসি।

রোনালদোর নতুন চুক্তির প্রভাব মেসির চুক্তির ওপর পড়েছে—এমন গুঞ্জন সম্পর্কে বার্সা সভাপতির প্রতিক্রিয়া, ‘মেসি এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি। সে বিশ্বের সেরা ক্লাবে খেলছে, এখানেই ভালো আছে। কোনো খবর না থাকাটাই ভালো খবর।’

আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গেও চুক্তি নবায়ন করতে চলেছে বার্সা। স্বীকার করেছেন রসেলও, ‘ইনিয়েস্তার চুক্তি নিয়ে কোনো সমস্যা হবে না। তার সঙ্গে বর্তমান চুক্তিটা ২০১৫ সালের জুন পর্যন্ত। দুপক্ষই চাচ্ছে মেয়াদটা বাড়াতে।’

গত রোববার রিয়ালের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেন রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী পর্তুগিজ তারকার বার্ষিক মূল বেতন ২১ মিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসে তো বটেই, যেকোনো খেলায় কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ বেতন এটি। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে চুক্তি নবায়ন করেন মেসি। চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সালোনায় থাকবেন আর্জেন্টাইন জাদুকর। তাঁর বার্ষিক বেতন ধরা হয় ১৬ মিলিয়ন ইউরো। বার্ষিক পারিশ্রমিকের হিসাবে এখন রোনালদোর চেয়ে পাঁচ মিলিয়ন ইউরো এখন কম পাবেন চারটি ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫২ কোটি টাকা।  সূত্র: গোল ডটকম।