রোনালদোর ভাবনায় শুধু জয়
গত পরশু রিয়াল মাদ্রিদের অনুশীলনে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাঙ্কেলে চোট পেয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। আজ স্প্যানিশ লিগে লেভান্তের বিপক্ষে না-ও খেলতে পারেন। চোট ভোগাচ্ছে ঠিকই, কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা একেবারেই আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন না। হোসে মরিনহোর অধীনে এ মৌসুমে রিয়াল মাদ্রিদ সব জিতবে বলেই তাঁর বিশ্বাস। ‘হোসে মরিনহোকে পেয়ে আমরা আরও শক্তিশালী হয়েছি। যেখানেই তিনি গেছেন, জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ কিংবা লা লিগা, এবারের গল্পটা অন্য রকম হবে বলে বিশ্বাস আমার। আমার একান্ত চাওয়া, মরিনহোর সঙ্গে কিছু জেতা’—বলেছেন রোনালদো। গত মৌসুমে রিয়ালে এসেছেন মরিনহো। রোনালদো নাম আরও এক মৌসুম আগে। এই দুই মৌসুমে রিয়ালের শিরোপা মাত্র একটি—কোপা ডেল রে। এটি মরিনহো-রোনালদো জুটিরই ফসল। নতুন মৌসুমে রোনালদোর স্বপ্ন দেখার কারণও আছে। শুরুটা দারুণ করেছে রিয়াল। লিগে ২ ম্যাচে দুই জয় নিয়ে তারা শীর্ষে। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও এসেছে জয়। সবচেয়ে বড় কথা, রিয়ালের খেলায় এবার কিছু জয়ের অভিলাষ স্পষ্ট। লেভান্তের বিপক্ষে আজকের ম্যাচেও নিশ্চয়ই তা থাকবে। মিডফিল্ডার জাভি আলোনসো রোনালদোর সমর্থনে ব্যাখ্যা দিয়েছেন কেন রিয়াল এবার ভালো করবে, ‘আমরা উন্নতি করছি। বছরের পর পর ভালো করছি আমরা।’রিয়ালের ভালো করা না-করা, হোসে মরিনহোর কৌশল—এসব নিয়ে যেমন আলোচনা সব সময়ই থাকে তেমনি আলোচনা হয় রোনালদোর ঠিকানা বদল নিয়ে। প্রশ্নটা কেউ করলে অবশ্য রোনালদো বরাবরের মতো বলেন, ‘এখানে আমি সুখেই আছি। আপাতত রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো চিন্তা নেই।’ এর সঙ্গে রোনালদো এবার যোগ করেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদেই আমার খেলোয়াড়ি জীবন শেষ করতে চাই। তবে ক্লাব বদলাতে চাইলে বার্সেলোনার দূরত্ব একটু বেশিই হবে। যদিও অন্য অনেক দরজা আমার জন্য খোলা আছে।’ রোনালদো ভবিষ্যতে রুশ লিগে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি। কে জানে, ইতোর মতো আনঝি মাখাচকালাও তাঁর মনের কোথাও আছে কি না! ওয়েবসাইট।