রোনালদোর ভোট মেসির পক্ষে
খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ—দুই স্প্যানিশ জায়ান্টের হয়েই ছিল সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদোর সফল পথচলা। রোনালদো যখন ‘সত্যিকারের রোনালদো’ হয়ে উঠলেন, তখন রিয়ালের হয়ে খেললেও খেলা ছেড়ে দেওয়ার পর তাঁর পক্ষপাত বার্সেলোনার প্রতি। পক্ষপাত বার্সেলোনা না বলে বলা উচিত বার্সেলোনার লিওনেল মেসির প্রতি। ব্যালন ডি’অরের লড়াইয়ে সারা বিশ্ব যখন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে নিয়ে বিভক্ত, ঠিক তখনই তিনবার ফিফা বর্ষসেরা পুরস্কার বিজয়ী এই স্ট্রাইকার মনে করেন, ব্যালন ডি’অর ওঠা উচিত মেসির হাতেই।মেসির প্রতি পক্ষপাত থাকলেও তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে খাটো করে দেখছেন না। তিনি বলেন, রোনালদো অত্যন্ত প্রতিভাবান ও কৌশলী খেলোয়াড়। কিন্তু মাঠে মেসি সব সময়ই অপ্রত্যাশিত সব ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে। মেসি নিজের প্রতিভা দিয়ে ফুটবলকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। ব্যালন ডি’অরটি মনে হয় তারই প্রাপ্য।রোনালদো মেসির হাতে সেরা ফুটবলারের পুরস্কারটি দেখতে চাইলেও সেরা কোচের ব্যাপারে তাঁর সমর্থন রিয়াল মাদ্রিদের দিকেই। রিয়ালের কোচ হোসে মরিনহো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারটি পাবেন বলেই বিশ্বাস করেন তিন বিশ্বকাপ মিলিয়ে ব্রাজিলের জার্সি গায়ে ১৫টি গোল করা রোনালদো।৩৬ বছর বয়সে রোনালদো খেলা ছেড়েছেন ২০১১ সালে। ব্রাজিলের জার্সি গায়ে কিংবদন্তিতুল্যই তাঁর অর্জন। ইউরোপীয় ক্লাব ফুটবলে পিএসভি আইন্দহোভেন, বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদে ছিল তাঁর সদর্প পদচারণ। ক্যারিয়ারের শেষ দিকে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের হয়েও সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে খেলেছেন। পর পর দুবার খেলেছেন মহা মর্যাদার ফাইনালে। ২০০২ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি তিনি নিজের করে নিয়েছিলেন। ২০০২ সালে জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে তাঁর দেওয়া দুই গোলেই জার্মানিকে হারিয়ে ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বজয়ের গৌরব অর্জন করেছিল। রোনালদো বলেছেন, ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি অবশ্যই আমার ভোট পাবে। তিনি বলেন, গোল করা ও ট্রফি জেতা ছাড়াও মেসি ফুটবল মাঠে দর্শকদের অবাক করে দিতে পারে। সে এ পুরস্কারটি পাবে এই কারণে যে, ফুটবলকে অন্যমাত্রা দেওয়ার কৃতিত্ব তার।ক্রিস্টিয়ানো রোনালদোকে একজন কুশলী ফুটবলার হিসেবে অভিহিত করে তিনি বলেন, সে একজন দুর্দান্ত ফুটবলার। কিন্তু ওই যে, মাঠে অপ্রত্যাশিত কোনো কিছু করে দেখানোর লড়াইয়ে সে মেসির চেয়ে পিছিয়ে থাকবে।রোনালদো বলেন, ‘বিশ্ব ফুটবলে আমার নিজের অভিজ্ঞতা থেকে মনে করি, হোসে মরিনহো এ মুহূর্তে বিশ্বের সেরা কোচ। বর্ষসেরা কোচের পুরস্কারটি আমি তাঁর হাতেই দেখতে চাই।’‘কোচ হিসেবে কেবল নন, খেলোয়াড় ব্যবস্থাপনাতেও হোসে মরিনহো সেরা। তিনি দারুণ একজন ট্যাকটিশিয়ান। আমার মনে হয় ২৫/২৬ জন খেলোয়াড়কে প্রতিদিন সফলভাবে দেখভাল করা সহজ কোনো কাজ নয়।’ রোনালদোর মন্তব্য।নিজে তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে তুলেছেন। নিজের অভিজ্ঞতা থেকে রোনালদোর অভিমত, ব্যালন ডি’অর এমন একটি পুরস্কার, যা প্রত্যেক ফুটবলারের আজীবনের লালন করা স্বপ্ন। কিন্তু এ পুরস্কারটি পাওয়ার প্রাথমিক তালিকায় অনেকের নাম থাকলেও দিনশেষে তা ওঠে কেবল একজনের হাতেই। সে জন্য ব্যালন ডি’অর খেলোয়াড়দের কাছে বিশেষ কিছু।রোনালদো আরও বলেন, ব্যালন ডি’অরকে সারা বছরের পরিশ্রম, ধারাবাহিকতা ও গোল করে যাওয়ার স্বীকৃতি হিসেবেও অভিহিত করা যেতে পারে। ফিফা ডটকম।