রোনালদোর যেখানে ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা-ব্যালন ডি’অরের যোগ্যতম দাবিদারদের একজন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও মনে করছেন, এবারের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটা তাঁর পাওনা। কিন্তু এই বিশ্বাসের পাশাপাশি তাঁর মনে একটা ভয়ও কাজ করছে। মাঠে আগ্রাসী আচরণের কারণে বিশ্বজুড়ে এ ধারণাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ‘রোনালদো উদ্ধত’। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের উপলব্ধি, বিশ্বজুড়ে তাঁর যে নেতিবাচক ভাবমূর্তি, এবার তারই মূল্য দিতে হতে পারে! বলেছেন, শেষ পর্যন্ত পুরস্কারটা যদি না জেতেন, সেটা হবে মানুষের কাছে তাঁর নেতিবাচক ভাবমূর্তির কারণেই।২০০৮ সাল থেকেই এ পুরস্কারটা নিয়ে মূল লড়াইটা চলছে তাঁর ও মেসির মধ্যে। সেবার মেসিকে হারিয়ে রোনালদোই জিতেছিলেন বিশ্বসেরার মুকুট। কিন্তু পরের তিন বছরই রোনালদোকে হতাশ করে বিজয়ীর হাসি হেসেছেন মেসি। এবারও মেসিকেই এগিয়ে রাখছেন অনেকে। পুরস্কারটা উঠতে পারে গত মৌসুমে মেসির বার্সেলোনাকে পেছনে ফেলে রিয়ালকে তিন বছর পর লিগ জেতানো রোনালদোর হাতেও। কিন্তু তাঁর ভয়, মানুষের কাছে স্বচ্ছ ভাবমূর্তির কারণে এবারও না মেসিই ভোটে জিতে যান!আগের বছরগুলোতেও কি তাঁর পুরস্কার না পাওনার পেছনে এই খারাপ ভাবমূর্তি প্রভাব ফেলেছিল? সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমি এ জন্য কাঁদতে চাই না। কিন্তু মাঝেমধ্যে আমার মনে হয় সেটাই। কেন? এই প্রশ্নের শতভাগ সঠিক উত্তর আমি দিতে পারব না। কারণ মাঝেমধ্যে সত্যিই তা জানি না।’তাঁকে নিয়ে মানুষের নেতিবাচক ধারণা আছে, সেটা রোনালদোও বোঝেন, ‘সম্ভবত আমিও একমত, মাঠে আমার নেতিবাচক ভাবমূর্তি আছে...এর কারণ আমি খুবই সিরিয়াস। কিন্তু আপনি যদি সত্যিই আমাকে জানেন, যদি আমার বন্ধু হন, আমার সঙ্গে একটা দিন কাটান, আপনিও জানতে পারবেন, আমি হারতে ঘৃণা করি। মানুষ আমাকে উদ্ধত বলে। আমি তাদের সঙ্গে বসতে চাইব এবং কথা বলে দেখতে চাইব কেন তারা আমাকে উদ্ধত বলে। কারণ আমি মনে করি, সত্যিকারের ক্রিস্টিয়ানোকে জানতে হলে তাদের আমার সঙ্গে বসার দরকার আছে।’ ওয়েবসাইট, এএফপি।