রোনালদোর রাতে বড় জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাফেই লিওনেল মেসিকে ধরে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো! গতকাল রাতে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লা লিগায় পর্তুগিজ উইঙ্গারের গোলসংখ্যা ছিল তিন। অন্যদিকে বার্সার আর্জেন্টাইন সুপারস্টার মেসির ঝুলিতে ছিল তাঁর দ্বিগুণ, অর্থাত্ ছয়টি গোল। দেপোর্তিভোর বিপক্ষে তিনটি গোল তুলে নিয়ে রোনালদো গতকালই ধরে ফেলেছেন মেসিকে।রোনালদোর রাতে তাঁর দল রিয়ালের জয়টাও হয়েছে বেশ বড়। ৫-১ গোলের ব্যবধানে। রোনালদোর তিন গোলের দুটিই এসেছে পেনাল্টি থেকে। প্রথমটি ২৩ ও দ্বিতীয়টি খেলার ৮৪ মিনিটে। রিয়ালের প্রাণভোমরার বাকি গোলটি আসে খেলার ৪৪ মিনিটে।ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ১৬ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে দেন দেপোর্তিভোর স্প্যানিশ স্ট্রাইকার রিকি। গোটা ম্যাচে দেপোর্তিভোর প্রাপ্তি বলতে ওটুকুই। এরপর বাকি সময়ে দেপোর্তিভোর সঙ্গী ছিল শুধুই হতাশা।পিছিয়ে পড়া রিয়ালকে সাত মিনিট পর সমতায় ফেরান রোনালদো, পেনাল্টি থেকে গোল করে। ৩৮ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ডি মারিয়া। এর ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন রোনালদো।৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। খেলার ৬৬ মিনিটে দেপোর্তিভোর জালে আঘাত হানেন পেপে। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। লিগে নিজের প্রথম হ্যাটট্রিক।লা লিগায় প্রথম চার ম্যাচে দুটিতে হার, একটিতে ড্র। জয় কেবল একটিতে। ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরু হয়েছিল রিয়ালের। তবে সুদিন বুঝি ফিরে এল হোসে মরিনহোর দলের! লিগে পর দুই ম্যাচে জয় পেল রিয়াল। রায়ো ভায়েকোনোর বিপক্ষে ২-০ গোলের পর গতকাল দেপোর্তিভোর বিপক্ষে ৫-১ গোলের জয়। ছয় ম্যাচে অর্জন ১০ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সার চেয়ে এখনো ৮ পয়েন্ট পিছিয়ে রিয়াল। নিজেদের জয় ম্যাচের সব কটিতেই জিতেছে টিটো ভিলানোভার দল। মেসিদের অর্জন পুরো ১৮ পয়েন্ট। রয়টার্স।