রোনালদোর রেকর্ড গড়ার রাত

বিশ্বকাপে হয়তো ফেবারিটের তকমা থাকবে না পর্তুগালের গায়ে। কিন্তু এই দলে যে এ সময়ের সেরা খেলোয়াড়টি আছেন, সেটা স্মরণে রাখতেই হবে সবাইকে। ক্যামেরুনের বিপক্ষে প্রীতিম্যাচে সেটাই যেন মনে করিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক গোল করাটাকে অভ্যাসই বানিয়ে ফেলেছেন এই পর্তুগিজ উইঙ্গার। দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন জাতীয় দলের হয়ে খেলতে এসেও। করেছেন জোড়া গোল। তাঁর দল পর্তুগালও পেয়েছে ৫-১ গোলের বড় জয়।
ক্যামেরুনের বিপক্ষে দুই গোল করে নতুন রেকর্ডও গড়েছেন রোনালদো। পাউলেতাকে ছাড়িয়ে তিনিই এখন বনে গেছেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। ৪৭টি গোল নিয়ে এত দিন শীর্ষস্থানটা যৌথভাবে দখল করে রেখেছিলেন রোনালদো ও পাউলেতা। এখন ৪৯টি গোল করে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন রোনালদো। রেকর্ড ভেঙে অবশ্য খুব বেশি উচ্ছ্বাস দেখাননি রিয়াল মাদ্রিদ তারকা। এটা খুব স্বাভাবিক ব্যাপার বলেই মনে হয়েছে তাঁর কাছে, ‘আমি রেকর্ড ভাঙা নিয়ে খুব বেশি চিন্তা করি না। অনেক পরিশ্রম করলে এটা স্বাভাবিকভাবেই হয়।’
তবে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স যে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন আরও বর্ণিল করে তুলবে, সেটা হয়তো কেউই অস্বীকার করবেন না। ২১ ও ৮৩ মিনিটে দলের প্রথম ও শেষ দুটি গোলই এসেছে রোনালদোর পা থেকে। মাঝখানে বাকি তিনটি গোল করেছেন রাউল মেইরিলেস, ফ্যাবিও কনট্রাও আর এডিনহো। ৪৩ মিনিটে ক্যামেরুনের পক্ষে একমাত্র গোলটি করেছেন ভিনসেন্ট আবোউবাকার।
বিশ্বকাপের মাত্র তিন মাস আগে বড় ব্যবধানের এই জয়টা নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী করে তুলবে পর্তুগালকে। তবে পর্তুগালের কোচ পাউলো বেনতো পা-টা রাখতে চাচ্ছেন মাটিতেই, ‘৫-১ গোলে জয় পেয়েছি বলেই আমাদের খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই।’— রয়টার্স