রোনালদোর রেকর্ড ভাঙতে প্রস্তুত ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর রেকর্ড ভাঙতে প্রস্তুত ক্লোসা। ছবি: রয়টার্স
রোনালদোর রেকর্ড ভাঙতে প্রস্তুত ক্লোসা। ছবি: রয়টার্স

মাথা দিয়ে গোল করে গেছেন একের পর এক, তাই ভক্তরা নাম দিয়েছিল—‘সাল্টো-ক্লোসা’। মানে বাজিকর—ক্লোসা। আসলেই বাজিকরের মতো ছিল ২০০২ বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার পোস্টের সামনের কাজ কারবার। পাঁচ-পাঁচটি গোল করে ফেললেন সেবারের বিশ্বকাপে। পরের বিশ্বকাপেও পাঁচ গোল। তিনটি বিশ্বকাপে ১৪ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ক্লোসার অবস্থান দুয়ে (জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে)। ১৫ গোল করে সবার ওপরে রোনালদো। এবার অবশ্য জোয়াকিম লোর দলে ঠাঁই পাবেন কি না তা নিয়ে ছিল সংশয়। তবে সুযোগ যখন মিলেছেই রোনালদোর রেকর্ড ভেঙে দিতে মরিয়া ক্লোসা।
জার্মান দলের আক্রমণ ভাগে অন্যতম প্রধান সেনানী ক্লোসা বললেন, ‘টুর্নামেন্টের জন্য আমি শতভাগ প্রস্তুত। ভালো অনুভব করছি। ঠিক পথেই আছি।’ রেকর্ড প্রসঙ্গে জার্মান স্ট্রাইকার বললেন, ‘যখন দল ভালো খেলবে তখন স্ট্রাইকারও তাঁর সুযোগটা পাবে। যারা আমাকে চেনে তারা জানে, এটা আমার আসল লক্ষ্য।’
বয়স ৩৫, পড়ে গেছেন বুড়োদের তালিকায়। ফলে মুখে বললেও করে দেখাতে পারবেন তো? ক্লোসা অবশ্য বুড়ো হাড়ে ভেলকি দেখাতেই প্রস্তুত, ‘একটি গোল করলেই শীর্ষে উঠে আসব। আমার প্রয়োজন দুটি। তা হলে সবার ওপরে থাকব।’ জার্মানি দল এ মুহূর্তে উত্তর ইতালিতে ঘাঁটি গেড়েছে। সেখানেই এক সংবাদ সম্মেলনে কথা বললেন ক্লোসা। এএফপি ও রয়টার্স।