রোনালদোর লক্ষ্য এবার ৭০

তাঁকে ফিরে পেতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। আগ্রহের কথা শোনা গিয়েছিল পিএসজিরও। তবে আপাতত ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব বদলের কোনো লক্ষণ নেই। রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতিতেই এখন মগ্ন রোনালদো। মনে হচ্ছে রিয়ালে শিগগিরই নতুন চুক্তিতে সই করে ফেলবেন পর্তুগিজ ফরোয়ার্ড। রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির বাকি আছে আরও দুই বছর। নতুন কোচ কার্লো আনচেলত্তি এই কদিন খুব কাছ থেকে দেখেছেন রোনালদোকে। তাতেই শিষ্যকে নিয়ে ইতালিয়ান কোচ উচ্ছ্বসিত, ‘সবাই জানে সে একজন সুপারস্টার, একজন গ্রেট খেলোয়াড়। তার মানের খেলোয়াড়ের এমন চূড়ান্ত পেশাদারি ক্লাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে যখন উঠতিরা বিশ্বমানের একজন খেলোয়াড়কে এমনটা করতে দেখে, তখন সেটা আরও ভালো হয়েই ওঠে।’ আনচেলত্তি অবশ্য রোনালদোর চুক্তি নবায়ন নিয়ে উদ্বিগ্ন নন, ‘চুক্তির ব্যাপারে আমার কোনো দায় নেই, কিন্তু আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না।’ মার্কা জানিয়েছে, এই মৌসুমে রোনালদো নিজে একটা লক্ষ্য বেঁধে নিয়েছেন। সেটা হলো ৭০ গোলের মাইলফলক ছোঁয়া। রিয়ালের জার্সি গায়ে তাঁর সেরা সাফল্য ছিল দুই মৌসুম আগে। সেবার সব মিলিয়ে গোল করেছিলেন ৬৭টি। এর মধ্যে ৭টি অবশ্য প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে। গত মৌসুমে একটু ছন্দপতন থাকলেও শেষ পর্যন্ত ৫৫ গোল করেছেন। রিয়ালের হয়ে ১৯৯ ম্যাচে হয়ে গেছে ২০১ গোল। ম্যাচের চেয়ে কিনা গোল বেশি! ডি স্টেফানো, পুসকাসরাও ম্লান হয়ে যান এই রেকর্ডের পাশে। রোনালদোর চেয়ে রিয়ালের পক্ষে বেশি গোল করেছেন আর মাত্র পাঁচজন। ওই পাঁচজনকে টপকানোটাই হয়তো রোনালদোর কাছে এখন পাখির চোখ! ওয়েবসাইট।
রিয়াল মাদ্রিদে রোনালদোর গোল
মৌসুম লা লিগা চ্যাম্পিয়নস লিগ কোপা ডেল রে সুপার কাপ মোট
২০১২-১৩ ৩৪ (৩৪) ১২ (১২) ৭ (৭) ২ (২) ৫৫ (৫৫)
১১-১২ ৪৬ (৩৮) ১০ (১০) ৩ (৫) ১ (২) ৬০ (৫৫)
১০-১১ ৪০ (৩৪) ৬ (১২) ৭ (৮) - ৫৩ (৫৪)
০৯-১০ ২৬ (২৯) ৭ (৬) - - ৩৩ (৩৫)
মোট ১৪৬ (১৩৫) ৩৫ (৪০) ১৭ (২০) ৩ (৪) ২০১ (১৯৯)
* বন্ধনীতে ম্যাচসংখ্যা