রোনালদোর লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারি দেখিয়ে দিলেন লাল কার্ড। অবিশ্বাসে হেসেই ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে রোনালদোর দল রিয়াল মাদ্রিদ রয়টার্স
রেফারি দেখিয়ে দিলেন লাল কার্ড। অবিশ্বাসে হেসেই ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে রোনালদোর দল রিয়াল মাদ্রিদ রয়টার্স

নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ভেবেছিলেন খুব বেশি হলে হবে হলুদ কার্ড। কার্লোস গুরপেগিকে হালকা একটা চাপড়ই তো দিয়েছিলেন।  সে জন্য লাল কার্ড! অবিশ্বাসের হাসি নিয়ে মাথা নাড়তে নাড়তে যখন মাঠ ছাড়ছিলেন, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরা তখনো ঘিরে রেখেছেন রেফারিকে। কিন্তু প্রতিবাদে কি আর রেফারির সিদ্ধান্ত বদলায়? পরশু স্পেন উত্তাল রোনালদোর বিতর্কিত লাল কার্ড নিয়েই।
অথচ পাদপ্রদীপে থাকতে পারত আরও অনেক কিছুই। পরশুর ম্যাচটা জিতে বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। উঠে যেতে পারত পয়েন্ট তালিকার দুইয়ে। কিন্তু সেটা আর হলো কই? অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ড্র করে সুবর্ণ সুযোগটা হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ।
৭৫ মিনিটে রোনালদোর লাল কার্ডের সিদ্ধান্তটা কাছ থেকে দেখেছেন মার্সেলো। রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মহাখাপ্পা, ‘এ রকম অন্যায়ভাবে একজন খেলোয়াড়কে হারানোটা আসলেই ঠিক নয়। এটা স্পষ্ট যে সিদ্ধান্তটা ঠিক হয়নি।’ কার্লো আনচেলত্তি অবশ্য বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ, ‘আমি ভালোমতো দেখিনি ব্যাপারটা, কারণ আমি সেখানে ছিলাম না। কিন্তু আমার মনে হয় এটা অতি-অভিনয় হয়েছে।’ রোনালদোর লাল কার্ডের আগেই অবশ্য ম্যাচ ছিল সমতায়। সান সেবাস্তিয়ানে ৬৫ মিনিটে হেসে রদ্রিগেজের গোলে এগিয়ে গিয়েছিল রিয়ালই। আট মিনিট পর ইবাই গোমেজ সমতা ফেরান স্বাগতিকদের হয়ে। শেষ দিকে ডিয়েগো লোপেজ দুর্দান্ত একটা সেভ না করলে খালি হাতেই ফিরতে হতো রিয়ালকে।

রিয়ালের ড্রয়ের আগে নিজেদের কাজটা ভালোমতোই সেরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগাকে যারা দুই ঘোড়ার দৌড় বলে, তাদের ভুল প্রমাণ করার কাজটি ভালোই করে যাচ্ছে ক্লাবটি। মৌসুমের শুরু থেকেই আছে শিরোপা লড়াইয়ে। পরশু তো বার্সা-রিয়ালকে ছাড়িয়ে চলে গেল শীর্ষেই। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো লিগে সবার ওপরে গেল অ্যাটলেটিকো।

ভিসেন্তে ক্যালদেরন অবশ্য ছিল শোকের চাদরে ঢাকা। কদিন আগেই প্রয়াত স্পেন কোচ লুইস আরাগোনেস ছিলেন অ্যাটলেটিকোর ঘরের ছেলে। প্রথম আট মিনিট স্বাগতিক দলের সমর্থকেরা একেবারেই মৌন ছিলেন। এরপর হঠাৎ মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। ক্যালদেরনের বাতাসে তখন শুধুই ‘আরাগোনেস, আরাগোনেস’ ধ্বনি। সেই তরঙ্গ যেন মাঠেও এসে লাগে।

৩৮ মিনিটে ডেভিড ভিয়ার গোলে শুরু করে অ্যাটলেটিকো ছুটেছে দুরন্ত গতিতে। ৭২ মিনিটে ডিয়েগো কস্তা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মিরান্ডা ও ডিয়েগো এক হালি পূর্ণ করেন অ্যাটলেটিকোর হয়ে। দল জিতেছে বলেই শুধু নয়, যেভাবে শোকটাকে শক্তিতে পরিণত করা গেছে তাতেই আপ্লুত কোচ ডিয়েগো সিমিওনে, ‘লুইস আমাদের বেদনা ও শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন। কিন্তু আজ ভক্তরা যেভাবে নীরব থাকল, মাঠে খেলোয়াড়েরা যেমন খেলল, সেটা আমাকে নাড়া দিয়েছে। হয়তো ওপর থেকে লাল-সাদা জার্সি পরে তিনি সেটা দেখেছেন।’ এএফপি।