রোনালদোর শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন মেসি। ছবি: রয়টার্স
রোনালদোর শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন মেসি। ছবি: রয়টার্স

টানা চারবার তাঁর হাতেই উঠেছিল ফিফা বর্ষসেরার পুরস্কারটা। সাফল্যের ধারাবাহিকতায় ছেদ পড়ায় কিছুটা খারাপ তো লাগতেই পারে লিওনেল মেসির। কিন্তু তাই বলে কোনো ক্ষোভ বা অভিযোগ নেই আর্জেন্টাইন তারকার; বরং হাসিমুখেই মেনে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব। এবারের ফিফা ব্যালন ডি’অরটা যে রোনালদোরই প্রাপ্য ছিল—সেটা স্বীকার করতে কার্পণ্য করেননি মেসি।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ের পর প্রথমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। তারপর থেকে টানা চারটি বছর শুধু হতাশই হতে হয়েছে পর্তুগিজ ফরোয়ার্ডকে। চারবারের মধ্যে তিনবারই তাঁকে দ্বিতীয় স্থানে রেখে পুরস্কারটা হাতে তুলেছেন মেসি। কিন্তু এবার ঘটল ঠিক উল্টো ঘটনা। মেসিকেই ২ নম্বর করে ‘সোনার বল’টা জিতলেন রোনালদো। আর পুরস্কারটা যে যোগ্য হাতেই উঠেছে, সেটা কোনো জড়তা ছাড়াই স্বীকার করে নিতে হলো মেসিকে, ‘অবশ্যই আমি এটা জিততে চেয়েছিলাম। আমি সব সময়ই জিততে পছন্দ করি। কিন্তু আমার কোনো অভিযোগ নেই। ক্রিস্টিয়ানো পুরস্কারটার যোগ্য বিজয়ী। সে এটা পাওয়ার সত্যিকারের দাবিদার।’

দফায় দফায় ইনজুরির কবলে পড়ে ২০১৩ সালটা খুব একটা ভালো কাটেনি মেসির। বার্সেলোনার হয়ে দলগতভাবে স্প্যানিশ লিগ ও সুপার কাপ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সের বিবেচনায় অন্য বছরগুলোর চেয়ে কিছুটা ম্লান হয়েই ছিলেন আর্জেন্টিনার খুদে জাদুকর। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জয়ের স্বাদ না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচ খেলেই করেছিলেন ৬৯ গোল। পর্তুগালকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও নিয়ে গেছেন প্রায় একক নৈপুণ্যে। রোনালদো যে সত্যিই দারুণ একটা বছর কাটিয়েছেন, সেটা অন্য অনেকের মতো নতুন করে বলেছেন মেসিও, ‘রোনালদো দারুণ একটা বছর কাটিয়েছে। কাজেই এ নিয়ে বলার কিছু নেই। আমাদের তিনজনের জন্যই বছরটা ভালো কেটেছে আর সে কারণেই আমরা এখানে আসতে পেরেছি। পুরস্কারটা যে-ই জিতুক, সে-ই আসলে এটার সত্যিকারের দাবিদার।’— গোল ডটকম