রোনালদোর সঙ্গে ঝামেলা নেই, দাবি ব্ল্যাটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাটারের ‘সেনাপতি’ মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে মাঠে এভাবেই স্যালুট ঠুকেছিলেন রোনালদো। ফাইল ছবি
ব্ল্যাটারের ‘সেনাপতি’ মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে মাঠে এভাবেই স্যালুট ঠুকেছিলেন রোনালদো। ফাইল ছবি

মেসি-রোনালদোর তুলনা করতে গিয়ে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অন্যদিকে চুলের পেছনে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়তি খরচ করা নিয়ে টিপ্পনি কেটেছেন।পর্তুগিজ উইঙ্গারের মেজাজি আচরণকে বোঝাতে গিয়ে বলেছেন, তিনি নাকি মাঠে ‘সেনাপতি’র মতো। সাংবাদিকদের সামনে রোনালদোর অঙ্গভঙ্গিও নকল করে দেখিয়েছেন সেপ ব্ল্যাটার। রোনালদোও দিয়েছেন পাল্টা জবাব। তবে ফিফা সভাপতি গতকাল দাবি করেছেন, রোনালদোর সঙ্গে কোনো ঝামেলা নেই তাঁর। আগামী জানুয়ারিতে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিয়াল তারকার সঙ্গে জমিয়ে আড্ডাও দেবেন বলে জানিয়েছেন ব্ল্যাটার।
ঘটনার সূত্রপাত গত মাসের শেষের দিকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ব্ল্যাটারের কাছে জানতে চাওয়া হয়েছিল, রোনালদো আর মেসির মধ্যে তিনি কাকে বেছে নেবেন। ব্ল্যাটার উত্তর দেন, ‘মেসি হচ্ছে বাবা-মায়ের সুবোধ ছেলেটির মতো, যাকে সবাই চায়। আসলেই সে একজন ভালো মানুষ। সে অনেক দ্রুতগতিসম্পন্ন, ভালো খেলো, কিন্তু মোটেই উচ্ছৃঙ্খল নয়।’ এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল। এর পরই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রোনালদোর অঙ্গভঙ্গি নকল করে বলতে থাকেন, ‘রোনালদো হচ্ছে মাঠে সেনাপতির মতো। একজনের হেয়ারড্রেসারের খরচ আরেকজনের চেয়ে বেশি, কিন্তু এটা কোনো ব্যাপার নয়। কে সেরা, এটা বলতে পারি না। এই বছরও আবার জোর লড়াই হবে দুজনের মধ্যে। আমি দুজনকেই পছন্দ করি, কিন্তু মেসিকেই বেছে নেব আমি।’
ব্যালন ডি’অর পুরস্কারের আগে ফিফা প্রেসিডেন্টের এমন বক্তব্য ভালোভাবে নেননি রোনালদো। তিনি অবশ্য পাল্টা কটূক্তি করেননি। নিজের ফেসবুক পেজে ব্ল্যাটারের ভিডিওটা পোস্ট করে ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমাকে, আমার দেশ ও ক্লাবকে ফিফা কতটা সম্মান করে, এই ভিডিওটা সেটাই বলছে। অনেক কিছুই এখন পরিষ্কার। আমি মি. ব্ল্যাটারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ তবে পরদিনই মাঠে হ্যাটট্রিক করে জবাব দেওয়ার সময় ‘সেনাপতি’র স্টাইলে স্যালুট করেন রোনালদো।
এর আগে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা ব্ল্যাটার নিশ্চয়ই বুঝতে পারছেন, দুজনের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েই গেছে। সেটাই বোঝা যাচ্ছে ফিফা প্রেসিডেন্টের কথায়। এই দূরত্ব কমাতেই ব্যাপারটা নিয়ে রোনালদোর সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহও দেখিয়েছেন তিনি। সূত্র: মার্কা