রোনালদোর সঙ্গে তুলনায় 'মর্মাহত' ইউসেবিও

গোলসংখ্যায় গত মাসে ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ইউসেবিও করেছিলেন ৪১ গোল। রোনালদোর গোল এখন ৪৩। পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড থেকেও পর্তুগিজ উইঙ্গার মাত্র চার ধাপ দূরে। রোনালদো যে খুব দ্রুতই রেকর্ডটা নিজের করে নেবেন, তা বলাই বাহুল্য। একটা প্রশ্ন তাই উঠছে, রোনালদোই কি পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার?
প্রশ্নটা যেমন উঠছে, একই সঙ্গে উঠছে বিতর্কও। পর্তুগালেরই আরেক কিংবদন্তি লুইস ফিগো যেমন গত মাসে ইউসেবিওর সঙ্গে রোনালদোর তুলনায় ঘোর আপত্তি জানিয়ে বলেছিলেন, কেবল ‘সংখ্যা’ দিয়ে কাউকে বিচার করাটা ‘অন্যায়’ হবে। এই বিতর্কে দীর্ঘ সময় নীরব থাকার পর এবার মুখ খুললেন ইউসেবিও নিজেও।
ক্যারিয়ারজুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া ইউসেবিও ৪১টি আন্তর্জাতিক গোল করেছিলেন মাত্র ৬৪ ম্যাচে। তাঁকে পেরিয়ে যেতে রোনালদোর খেলতে হয়েছে ১০৬ ম্যাচ। রোনালদোর সঙ্গে তুলনায় আপত্তি জানিয়ে সেটাই মনে করিয়ে দিয়েছেন ইউসেবিও, ‘আমি মর্মাহত। এ ধরনের তুলনা করা ভুল। কারণ ৪১ গোল করতে আমি মাত্র ৬০টির মতো ম্যাচ খেলেছি।’ এখনকার মতো আগে গোল করা এতটা সহজ ছিল না বলেও মন্তব্য করেন ৭১ বছর বয়সী ইউসেবিও, ‘এত বছর পর কেউ একজন এতগুলো গোল করল। কারণ, এখন কিছু কিছু দলের বিপক্ষে গোল করা অনেক সহজ হয়ে গেছে। লিঙ্কেনস্টেইন বা আজারবাইজানের মতো দলের বিপক্ষে কখনোই খেলিনি আমি।’
ইউসেবিওকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। সর্বকালের সেরার বিতর্কে যাননি, তবে উচ্ছ্বাসটা লুকিয়ে রাখেননি পর্তুগিজ উইঙ্গার, ‘এটা ঐতিহাসিক। রিয়াল মাদ্রিদের হয়ে হয়তো অনেক হ্যাটট্রিকই করতে পারব। তবে পর্তুগালের হয়ে এমন সুযোগ খুব কমই আসবে। গোলের ক্ষেত্রে ইউসেবিওকে ছাড়িয়ে যাওয়াটা অবশ্য এমনিতেই হয়ে যেত। এটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। তবে আমি এ নিয়ে সত্যিই গর্বিত।’
আগামী শুক্রবারই নিজের গোলসংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন রোনালদো। ওই দিন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটাও ঘরের মাঠে। পর্তুগিজ উইঙ্গার যতই এগিয়ে যাবেন, ততই জোরালো হবে প্রশ্নটা—রোনালদোই কি তাহলে পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার? বিতর্কটাও নিশ্চয় বাড়বে আরও। সূত্র: রয়টার্স।