রোনালদোর সঙ্গে নানিও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাদপ্রদীপের আলোর পুরোটাই ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর, পরম আরাধ্য ইউরো জয়ের জন্যও পর্তুগিজরা তাকিয়ে আছে তাঁর দিকেই। তবে একজনের কথা ভুলে গেলে অন্যায়ই হবে, রোনালদোর সঙ্গে জুটি বেঁধেও যে নানি নিজের আলোয় উজ্জ্বল! এখনো গোল না পাওয়ায় খানিকটা অতৃপ্তি হয়তো আছে, তবে টুর্নামেন্টটা মন্দ কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের। গোল করিয়ে গোল না পাওয়ার খেদ অনেকটাই পুষিয়ে দিয়েছেন। দারুণ টাচ, নিখুঁত পাসিং দিয়ে ইউরোতে আলাদাভাবে নজর কেড়েছেন। তাই তাঁর ওপর আলাদা চোখ না রাখলে ভুলই করবে স্পেন। ক্লাব ফুটবলে অনেক দিনই ধারাবাহিকতা ছিল না। ফুল হয়ে ফুটেছেন বটে, কিন্তু পুরোপুরি সৌরভ ছড়াতে পেরেছেন কই? তবে এই পর্তুগালে তিনি স্বমহিমায় ভাস্বর, এর জন্য কোচ পাওলো বেন্তোকে কৃতিত্ব দিতে হবে অনেক। নানিও ব্যাপারটা মানছেন, ‘আজকের আমির পেছনে তিনি একটা বড় কারণ। যখন আমি ভুল করছিলাম, তখন তিনি ঠিক দরজাটা দেখিয়ে দিয়েছেন। আমার চোখও উনিই খুলে দিয়েছেন।’ বেন্তোর সঙ্গে সম্পর্কটা কি আজকের? সেই স্পোর্টিং লিসবনের যুবদলে থাকতেই দুজনের যুগলবন্দির শুরু। তবে ওই পর্যন্ত যেতেও নানিকে কম কাঠখড় পোড়াতে হয়নি।বিচ্ছিন্ন পরিবারের সন্তান নানি বড় হয়েছেন লিসবনের আমাডোরায়। ছেলেবেলাতেই পাড়ার ক্লাব রিয়াল মাসামার চোখে পড়ে যান, কিন্তু সময়টা ছিল ভীষণই প্রতিকূল। নানি নিজেই বলছেন, ‘সেখানে থাকা ছিল খুবই কঠিন, পুলিশ আর গোলাগুলির ভয় ছিল সব সময়। সহিংসতাও ছিল। আমাদের একটা বড় আড্ডা ছিল, অনেক বন্ধুও ছিল। তাদের কেউ কেউ এখন জেলে। ফুটবলই ছিল সেখান থেকে মুক্তির একমাত্র পথ।’ স্পোর্টিং লিসবনের হয়ে মাঠ মাতানোর পর পাকা জহুরি স্যার অ্যালেক্স ফার্গুসনের চোখে পড়ে যান দ্রুতই। এরপর ২০০৭ সালেই ওল্ড ট্রাফোর্ডকে ঠিকানা বানিয়ে ফেলেন এই পর্তুগিজ উইঙ্গার। সে সময় তাঁর দাম ২৫ মিলিয়ন ইউরো দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। বলাবলি হচ্ছিল, এ আবার কে? ধারাবাহিকতার কিছুটা খামতি থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ঠিকই তিনটি প্রিমিয়ার লিগ জিতেছেন। ক্লাব ফুটবলে মাঝে মাঝেই স্বার্থপরতার জন্য দুর্নাম কুড়ালেও বেন্তোর পর্তুগালে তিনি একেবারেই অন্য এক ‘নানি’। সতীর্থদের দিয়ে গোল করিয়েই যিনি খেলার সার্থকতা খুঁজে পাচ্ছেন। নানি কি পারবেন ফাইনালে ওঠার পথে আরেকবার জ্বলে উঠতে? রয়টার্স।