রোনালদোর সঙ্গে লড়েন না মেসি
কথাটা বিভিন্ন সময়ে বলেছেন। লা লিগায় লেভান্তের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পরও একই কথা জানিয়ে দিলেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তাঁর।
‘তার (রোনালদো) সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আমার। সে মানুষ হিসেবে ভালো। খেলোয়াড় হিসেবেও অসাধারণ। যেকোনো ম্যাচ বদলে দেওয়ার সামর্থ্য তার আছে। সে তার কাজ করছে। আমার মনোযোগ কেবল বার্সার প্রতিই।’’ লেভান্তের বিপক্ষে বার্সার ৭-০ গোলের জয়ের পর বলেন মেসি। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি এ মৌসুমে দলগত চাওয়াটাও লুকিয়ে রাখেননি টানা চারবার ফিফার বর্ষসেরা এই ফুটবলার, ‘এ মৌসুমে আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’
লেভান্তের বিপক্ষে গোলবন্যার ম্যাচে মেসির অবদান দুটি গোল। একই রাতে মাঠে নেমেছিলেন রিয়ালের প্রাণভোমরা রোনালদোও। তবে বার্সা মহাতারকার মতো আলো ছড়াতে পারেননি। গোলহীন একটা ম্যাচ কাটাতে হয় পর্তুগিজ উইঙ্গারকে।
বার্সার হয়ে গতকালই ছিল কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনোর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। লেভান্তেকে গোলবন্যায় ভাসিয়ে নতুন কোচকে স্বাগত জানিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ মার্টিনো, ‘মৌসুমের শুরুটা আমার কল্পনার চেয়েও ভালো হয়েছে। এ খেলাটাই ধরে রাখতে হবে আমাদের। বার্সেলোনার ফুটবল-দর্শনকে আমি পছন্দ করি। আমি চাই, ছেলেরা আগের চেয়েও ভালো খেলুক।’
রোনালদো, নাকি মেসি—কে সেরা? কয়েক বছর ধরেই চলে এসেছে বিতর্কটা। গত কয়েক মাস এ নিয়ে কথাবার্তা তেমন হয়নি। তবে ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে যাওয়ায় আবারও সামনে চলে এসেছে মেসি-রোনালদো দ্বৈরথের প্রসঙ্গটা। যাঁদের নিয়ে এত বিতর্ক, তাঁদের কেউই অবশ্য নিজেকে একে অপরের প্রতিযোগী ভাবেন না। গত সপ্তাহে এ নিয়ে এক প্রশ্নের জবাবে ক্ষোভে ফুঁসে উঠেছিলেন মেসি। স্প্যানিশ ক্রীড়াদৈনিক ‘ওলে’র সঙ্গে কথা বলার সময় গণমাধ্যমকে দোষারোপ করেন বার্সা জাদুকর, ‘আমি এ জন্য দায়ী করব গণমাধ্যমকেই। তারাই আমাকে ও রোনালদোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। আমি কখনোই রোনালদোর সঙ্গে লড়িনি। লড়ার ইচ্ছাও নেই। সূত্র: দ্য টেলিগ্রাফ।