রোনালদোর সঙ্গে 'মশকরা' করে শাস্তি পেল বলবয়

গত সপ্তাহে সুবর্ণ এক সুযোগ এসে দাঁড়িয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের দুয়ারে। ৬৩ বছর পর লা লিগার হোম-অ্যাওয়ে দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদকে হারানোর সুযোগ। ভিসেন্তে ক্যালদেরনে উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচে ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও অবশ্য শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারেনি ডিয়েগো সিমিওনের দল। কিন্তু সে ম্যাচে এক ঘটনা ঘটিয়েছে ইভান নামের এক বলবয়। বল মাঠের বাইরে গেলে ক্রিস্টিয়ানো রোনালদো যান নিয়ে আসতে। কিন্তু ইভান বল হাতে নিয়ে ইচ্ছা করে সময়ক্ষেপণ করতে থাকে। রোনালদো বারবার তাগিদ দিলেও ইভানের ভাবখানা যেন থোড়াই কেয়ার! রিয়াল তারকার সঙ্গে ‘ফাজলামো’র শাস্তিও নগদেই পেয়েছে। এখন থেকে অ্যাটলেটিকোর মূল দলের ম্যাচে সে আর বলবয়ের দায়িত্ব পালন করতে পারবে না। অবশ্য এ ঘটনার পর ইভান বেশ দম্ভোক্তি করেই মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে অবশ্য সেসব মুছে লেখে—‘ডার্বি ম্যাচ নিয়ে যা বলেছি, তার জন্য ক্ষমা চাইছি। সেগুলো অ্যাটলেটিকোর বলবয়সুলভ ছিল না। এগিয়ে যাও অ্যাটলি!’ ওয়েবসাইট।