রোনালদোর সঙ্গে ‘যুদ্ধ’ নেই: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ নিয়ে কারোরই কোনো প্রশ্ন নেই। কিন্তু এর পাশাপাশি আরও একটি ‘দ্বৈরথ’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সেটা হলো মেসি বনাম রোনালদো সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। স্প্যানিশ লিগে কিংবা চ্যাম্পিয়নস লিগে। তবে গণমাধ্যমের কাছে এ লড়াই মুখরোচক হলেও খোদ মেসি জানিয়েছেন, রোনালদোর সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো যুদ্ধ নেই।বুধবার বার্সেলোনা ক্লাবের ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘সংবাদমাধ্যমের জন্য কিংবা সাংবাদিকদের জন্য এটা বড় ব্যাপার হতে পারে, কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, রোনালদোর সঙ্গে আমার কোনো লড়াই নেই। মাঠে আমি কেবল সতীর্থদের সাহায্য করা ও দলের জয়ের কথাই ভাবি।’রোনালদোর সঙ্গে যুদ্ধ থাকুক আর নাই থাকুক, বার্সেলোনার জার্সি গায়ে প্রায় প্রতি ম্যাচেই একের পর এক গোল করে নতুন একটি রেকর্ড গড়ার পথে কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছেন মেসি। আর মাত্র ৩৯টি গোল করতে পারলেই সিজার রদ্রিগেজকে পেছনে ফেলে কাতালানদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসে যাবেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে এখানেও নিজের রেকর্ডের চেয়ে দলের শিরোপা জয়কেই প্রাধান্য দিচ্ছেন তিনি। বলেছেন, ‘সিজারের পাশে বসার লক্ষ্যটা আমারও আছে। বেশি গোল করতে পারাটা সব সময়ই ভালো। কিন্তু সাফল্যহীন রেকর্ডে আমার কোনো আগ্রহ নেই। রেকর্ড ভাঙার চেয়ে বরং দলের হয়ে শিরোপা জেতাটা আমার কাছে অনেক বেশি আগ্রহের। ইতিহাস আমরা গড়ে ফেলেছি। কিন্তু তাতেও আমরা সন্তুষ্ট নই।’ ওয়েবসাইট।