রোনালদোর সমর্থনে 'নির্বাচনী প্রচারণা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে এভাবেই রোনালদোর সমর্থনে কাল হাজির হয়েছিলেন রিয়াল সমর্থকেরা
মাঠে এভাবেই রোনালদোর সমর্থনে কাল হাজির হয়েছিলেন রিয়াল সমর্থকেরা

মাঠে না নেমেও পুরো বার্নাব্যু স্টেডিয়ামই দখল করে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে ৪৫ হাজার দর্শক মাঠে এসেছিল রোনালদোর মুখোশ পরে। দলের প্রধান তারকার প্রতি শুধু শ্রদ্ধা, ভালোবাসা দেখানোই নয়, এটা ছিল রোনালদোর সমর্থনে নির্বাচনী প্রচারণাও। ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটা যে তাঁদের ক্লাবের তারকা ফুটবলারের হাতেই ওঠা উচিত, সেই দাবিও জানিয়েছেন রিয়ালের সমর্থকেরা।

ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা দেওয়া হয় ভোটাভুটির মাধ্যমেই। ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক-কোচ আর সাংবাদিকদের ভোটে নির্বাচন করা হয় বর্ষসেরা ফুটবলারকে। শেষ পর্যন্ত এটা যেহেতু নির্বাচনই, এখানে তাই নির্বাচনী প্রচার-প্রচারণা তো থাকবেই। বছরের শেষে পুরস্কারটি কাকে দেওয়া হবে, তা নিয়ে কথার লড়াইও অনেক হয়ে থাকে। তবে ১৯৯১ সাল থেকে এই বর্ষসেরা পুরস্কার চালুর পর রিয়াল সমর্থকদের মতো নির্বাচনী প্রচারণা আগে কখনো দেখা যায়নি।

বিশাল আকৃতির এক ব্যানারে রোনালদো-ভক্তরা লিখে এনেছিলেন, “ব্যালন ডি’অর অরের জন্য “কমান্ডার” রোনালদোর প্রতি আমাদের শর্তহীন সমর্থন আছে।’ কমান্ডার শব্দটিই বুঝিয়ে দিচ্ছে, এটি ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকেও একটা পাল্টা জবাব। রিয়াল সমর্থকদের আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘আমরা সবাই রোনালদো’।

ভক্তদের ভালোবাসা-সমর্থনে নিশ্চয়ই আপ্লুত হয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তবে রোনালদোর সত্যিকারের ‘প্রচারণা’ আসলে গ্যালারিতে নয়, চলছে মাঠে। সবুজ জমিনে গোলের ফুল যে ফুটিয়ে চলেছেন রোনালদো। এ বছরের বর্ষসেরার পুরস্কারটা জেতার জন্য যা করার, সেটা মাঠেই করছেন। এ বছরে এখন পর্যন্ত করেছেন ৬৬টি গোল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আর ফ্রাঙ্ক রিবেরি—দুজনের মোট গোলও রোনালদোর চেয়ে একটি কম!

আরেক তারকা প্রতিদ্বন্দ্বী জ্লাতান ইব্রাহিমোভিচকেও হারিয়েছেন মুখোমুখি লড়াইয়ে। ইব্রার সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেই পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে গেছেন রোনালদো। এত কিছুর পরও কি এবারের ব্যালন ডি’অরটা হাতে নিতে পারবেন না রিয়াল মাদ্রিদ তারকা?

রোনালদোর এই ফর্ম দেখে ভড়কে গিয়েই সম্ভবত ফিফা ভোট দানের শেষ তারিখই শুধু বদলায়নি, চাইলে আগে দেওয়া ভোটটি বদল করার সুযোগও রেখে দিয়েছে!