রোনালদোর সেঞ্চুরি
২০০৩ সালের ২০ আগস্ট। কাজাখস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। ম্যাচের একপর্যায়ে মাঠ থেকে তুলে নেওয়া হলো লুইস ফিগোকে। নামানো হলো আঠারো বছর বয়সী এক তরুণকে। তখন কে জানত, ফিগোর বদলে মাঠে নামা এই তরুণ একদিন হয়ে উঠবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। প্রতিভার দ্যুতিতে সবাইকে মুগ্ধ করে স্থান করে নেবেন ইতিহাসের পাতায়। খ্যাতি ও যশ তাঁকে ঘিরে রাখবে বিমুগ্ধ শ্রদ্ধায়, বিতর্ক তাঁকে তাড়া করবে আপন মহিমায়। মেগাস্টার হয়ে তিনি আলোড়ন তুলবেন লাখো-কোটি ভক্তকুলের হূদয়ে।হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা হচ্ছে। আজ মঙ্গলবার রাতে লিসবনে তিনি যখন অধিনায়কের আর্মব্যান্ড পরে, হাতে জাতীয় দলের রেপ্লিকা নিয়ে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন, তখন পরিসংখ্যানবিদেরা ‘১০০’ সংখ্যাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আজ রাতেই যে রোনালদো পর্তুগালের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন।পর্তুগালের ফুটবল ইতিহাসে খুব বেশি ফুটবলার জাতীয় দলের হয়ে শততম ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। ক্রিস্টিয়ানো রোনালদো লুইস ফিগো (১২৭), ফার্নান্দো কতুর (১১০) পর মাত্র তৃতীয় পর্তুগিজ ফুটবলার, যিনি পর্তুগালের জার্সি গায়ে শততম ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন।এই আনন্দের উপলক্ষ রোনালদোকে করেছে দারুণ উদ্বেলিত। নিজের ফেসবুক পেজে এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আজ খুব মনে পড়ছে ২০০৩ সালের কথা। পর্তুগালের জার্সি গায়ে আমি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলাম কাজাখস্তানের বিপক্ষে। হ্যাঁ, অনেকটা পথই এরপর পেরিয়েছি আমি।’আজ থেকে নয় বছর আগে কাজাখস্তানের বিপক্ষে সেই ম্যাচটি যেন পর্তুগিজ ফুটবলের এক নতুন দিগদর্শন দিয়েছিল। সেদিন লুইস ফিগোর পরিবর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠে নামা যেন ছিল পর্তুগিজ ফুটবলের এক মধুর পালাবদল। পর্তুগিজ ফুটবলের এক হিরো যেন সেদিন ঝাণ্ডা দিয়ে গিয়েছিলেন আরেক হিরোর হাতে।বয়সটা তাঁর মাত্র ২৭। এত কম বয়সে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরবটিও অনন্য। বিশ্ব ফুটবলে এত কম বয়সে এত বেশিসংখ্যক ম্যাচ খেলার গৌরবের তালিকায় রোনালদোর ওপর আছে আর মাত্র দুটো নাম। তাঁরা হলেন: জার্মানির লুকাস পোডলস্কি ও এস্তোনিয়ার ক্রিস্টেন ভিকমে। শততম আন্তর্জাতিক ম্যাচ নিয়ে রোনালদোর উচ্ছ্বাসটা বিশেষত্ব পেয়েছে দেশের মাটিতে খেলা বলে। লিসবনে ওই ম্যাচে জয় ছাড়া যে তিনি অন্য কিছু ভাবছেন না, এক ফাঁকে তা জানিয়ে দিতে ভোলেননি রোনালদো।রোনালদো এই অনন্য অর্জনের নেপথ্য নায়কদেরও ধন্যবাদ দিয়েছেন অকাতরে। তিনি বলেছেন, ‘আজ খুব মনে পড়ছে তাঁদের কথা, যাঁরা আমায় এই পর্যায়ে উঠে আসতে দারুণ সহায়তা করেছিলেন।’এই নেপথ্য নায়কদের সর্বাগ্রে আছেন রোনালদোর প্রাইমারি স্কুলশিক্ষক মাদেরিয়া আফোনসো। পর্তুগিজ পত্রিকা ও জোগোতে দেওয়া এক সাক্ষাত্কারে আফোনসো বলেছেন, ‘সে তার সামনে আসা সুযোগের সদ্ব্যবহার করেছে। একই সঙ্গে সে নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্যও আপ্রাণ চেষ্টা করে গেছে। পরিশ্রমই তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।’ তিনি বলেন, ‘ফুটবলজীবনের শুরুতে রোনালদো রক্ষণভাগে খেলত। কিন্তু ধীরে ধীরে সে নিজেকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডে রূপান্তরিত করেছে।’ স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপীয় ক্লাব ফুটবলে বরং আরও বেশি সপ্রতিভ। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পারফরম্যান্সই সে কথা বলছে। স্পোর্টিং লিসবনের ল্যাসজেলো বলোনির প্রতি রোনালদো হয়তো আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন। এই বলোনিই প্রথম লাইমলাইটে এনেছিলেন রোনালদোকে। শুধু তাই নয়, বলোনিই একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে ইউসেবিওর চেয়েও সেরা পর্তুগিজ ফুটবলার হিসেবে অভিহিত করেছিলেন। তিনি তাঁকে ওপরে স্থান দিয়েছিলেন পর্তুগিজ সংগীতের অন্যতম প্রবাদপুরুষ আমালিয়ারও।রোনালদোর শততম ম্যাচের দিন, বলোনিই যেন পৃথিবীর অন্যতম তৃপ্ত মানুষ। তিনি ও জোগোকে বলেছেন, ‘আমি রোনালদোর প্রতিভা সম্পর্কে নিশ্চিন্ত ছিলাম। তাই ওকে ইউসেবিও ও আমালিয়ার ওপরে স্থান দিয়েছিলাম। ধন্যবাদ রোনালদোকে, সে আমার কথার মান রেখেছে।’ রয়টার্স।