রোনালদোর সেরা ফ্যালকাও!

আগামী এক বছর তিনিই বিশ্বসেরা। সবচেয়ে বেশি ভোট পেয়ে ফুটবল-শ্রেষ্ঠর সিংহাসন ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু সেরার চোখে সেরা কে?
পুরস্কারের পর সংবাদ সম্মেলনে যেভাবে বলেছেন—‘এটা আমারই পাওনা ছিল’, তাতে এটুকু অন্তত পরিষ্কার, নিজেকে নিজে ভোট দেওয়ার সুযোগ থাকলে রোনালদো নিজেকেই বেছে নিতেন। সে সুযোগ ছিল না। রোনালদো তাই হেঁটেছেন কৌশলী পথে। তাঁর ভোট গেছে কলম্বিয়া ও মোনাকোর স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের বাক্সে! দুই নম্বরে রেখেছেন গ্যারেথ বেল, তিনে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মেসুত ওজিলকে।
কৌশলটা বুঝতে পারছেন? প্রধান দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আর ফ্রাঙ্ক রিবেরিকে একটা পয়েন্টও দেননি রোনালদো।
একই কাজ অবশ্য করেছেন ১২০৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হওয়া লিওনেল মেসিও। তাঁর পছন্দের তিনজনই বার্সেলোনার তিন সহ-খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি ও নেইমার। যদিও ফর্ম বলছে, ইনিয়েস্তা-জাভি দুজনেই আগের বছরগুলোর তুলনায় অনুজ্জ্বল ছিলেন গত বছরে।
রোনালদোর প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে কোনো পয়েন্ট দেননি তাঁর জাতীয় দলের কোচ পাওলো বেনতোও। নিজের অধিনায়ককে প্রথম পছন্দ হিসেবে রেখে তার পরের দুই পছন্দ ফ্যালকাও ও আরিয়েন রোবেন। তবে এতটা কৌশলী হতে পারেননি আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। মেসিকে প্রথম পছন্দ হিসেবে রাখলেও তিনি পরের দুটি ভোট দিয়েছেন রিবেরি ও রোনালদোকে। ১৩৬৫ পয়েন্টের একটি পয়েন্ট রোনালদোকে দিয়েছেন আর্জেন্টাইন কোচ!
১১২৭ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়া ফ্রাঙ্ক রিবেরিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন তাঁর জাতীয় দলের অধিনায়ক হুগো লরিস ও কোচ দিদিয়ের দেশম। দুজনের কেউই মেসিকে সেরা তিনে রাখেননি। তবে দেশম দ্বিতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন রোনালদোকে।
রোনালদো প্রথম পছন্দ ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড ও কোচ রয় হজসনেরও। তবে পরের দুটি অবস্থান নিয়ে ভিন্নমত দুজনেরই। হজসনের দ্বিতীয় ও তৃতীয় পছন্দ জ্লাতান ইব্রাহিমোভিচ ও রবিন ফন পার্সি। অন্যদিকে জেরার্ড পরের দুটি স্থানে রেখেছেন মেসি ও লিভারপুল সতীর্থ লুইস সুয়ারেজকে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রপেলার শটে করা গোলের জন্য বছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’ জেতা ইব্রা অবশ্য ভোট দিতে গিয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কোনো কৌশলী আচরণ করেননি। তাঁর সেরা তিন—রিবেরি, মেসি ও রোনালদো। এএফপি।
ভোটের অঞ্চলপ্রীতি স্পষ্ট ক্যামেরুন অধিনায়ক স্যামুয়েল ইতো ও আইভরি কোস্টের অধিনায়ক দিদিয়ের দ্রগবার। দুজনেই সেরা হিসেবে বেছে নিয়েছেন আরেক আফ্রিকান ফুটবলার ও আইভরিয়ান মিডফিল্ডার ইয়া ইয়া তোরেকে!
সেরা দুই নিয়ে দ্বিমত নেই বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম ও লোডভিক ডি ক্রুইফেরও। দুজনেরই প্রথম পছন্দ মেসি, দ্বিতীয় রোনালদো। দুজনের কেউই সেরা তিনে রাখেননি রিবেরিকে। মামুনুলের তিন নম্বর পছন্দ জাভি, ক্রুইফ ১ পয়েন্ট দিয়েছেন ইব্রাহিমোভিচকে।