রোনালদোর সেরা মেসি
রোনালদো বলতে এখন সবাই ক্রিস্টিয়ানোকেই বোঝে। কিন্তু একটা সময় ছিল, রোনালদো ছিলেন একজনই। ডি-বক্সে তাঁর চেয়ে ভয়ংকর খেলোয়াড় কেউ ছিলেন না। ক্লাবের জার্সি পরেই খেলুন কিংবা জাতীয় দল; সব সময়ই তাঁকে মনে হতো হামলে পড়তে উদ্যত ক্ষুধার্ত এক বাঘ। প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার ফিফা বর্ষসেরা হয়েছিলেন। এখন অবশ্য পর্তুগিজ উইঙ্গারেরই রাজত্ব। পাশাপাশি বিশ্ব শাসন করছেন লিওনেল মেসি।এই সময়ের দুই বিশ্বসেরা খেলোয়াড়ের তুলনায় নামলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদোও। এবং রোনালদোর চেয়ে মেসিকেই দিলেন বেশি নম্বর, ‘আমি মেসিকেই বেশি এগিয়ে রাখি, কারণ খেলোয়াড় হিসেবে সে-ই আমাদের বেশি মুগ্ধ করে, বেশি সৃষ্টিশীলতা দেখায়। আমি মেসিকেই বেছে নেব, যদিও সে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার খেলোয়াড়!’ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ এনে দেওয়া রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে মেসিও তিনবার ফিফা বর্ষসেরা হয়েছেন। এদিক দিয়ে ১৯৯৬, ১৯৯৭ এবং ২০০২ সালে বর্ষসেরা হওয়া রোনালদোর চেয়ে এগিয়েও আছেন। কারণ মেসি জিতেছেন টানা তিনবার। গত বছর পেশাদার ফুটবলকে বিদায় জানানো রোনালদো দুজনকেই পছন্দ করেন। তবে সূক্ষ বিশ্লেষণে এগিয়ে রাখেন মেসিকেই, ‘রোনালদোর চেয়ে মেসি একটু এগিয়েই আছে।’রোনালদোর পর আরও অনেক তারকা এসেছে ব্রাজিলে। কিন্তু রোনালদোর মতো প্রভাব বিস্তারকারী তাঁরা কেউ হতে পারেননি। অনেকে বলছেন, একজন পারবে—নেইমার। মেসি-রোনালদোর সঙ্গেও ইদানীং তুলনা হচ্ছে নেইমারের। তবে ৩৫ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকার মনে করেন, ‘নেইমারকে হাঁটতে হবে আরও অনেক পথ। ইউরোপে খেলতে হবে, ইউরোপে জিততে হবে।’‘সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো আরও বলেছেন, নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে ২০০২ বিশ্বকাপকেই মনে রেখেছেন। ১৯৯৮ বিশ্বকাপের গ্লানি মুছে ফেলতে ওই বিশ্বকাপে আটটি গোল করেছিলেন রোনালদো। জার্মানির বিপক্ষে ফাইনালেই করেছিলেন জোড়া গোল। ‘এটা ছিল অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। বিশেষ করে ১৯৯৮ বিশ্বকাপের পর, যেবার আমরা ফ্রান্সের কাছে ফাইনালে হারলাম। প্রত্যেক ব্রাজিলীয় এবং খেলোয়াড় সবার কাছেই এটা ছিল তিক্ত অভিজ্ঞতা। এর পর অনেক বড় প্রত্যাশা নিয়ে আমরা ২০০২ বিশ্বকাপে গেলাম। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা ফাইনালে উঠতে এবং সেখানে জার্মানিকে হারাতে পেরেছি। আমি ফাইনালে দুটি গোল করেছিলাম, এটা কখনো ভোলার নয়।’এবারের বিশ্বকাপটা তাঁর দেশেই। নিজেও রয়েছেন সংগঠকের ভূমিকায়। রোনালদো মনে করেন, এই বিশ্বকাপে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জটা দ্বিমুখী—আয়োজক এবং দল হিসেবে সফল হওয়ার। অলিম্পিকে ব্যর্থ হলেও তরুণ দলটার ওপর আস্থাই রাখছেন তিনি, ‘নিজেদের দেশে বিশ্বকাপ জেতার ব্যাপারে ব্রাজিলীয়দের প্রত্যাশার চাপ থাকবে আকাশছোঁয়া। আমি নিশ্চিত, বিশ্বকাপ আসতে আসতে আমাদের দল লড়াই করার জন্য প্রস্তুত হয়ে উঠবে।’ ওয়েবসাইট।