রোনালদোর সেরা ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনার শেষ নেই। ক্লাব পর্যায়ে তাঁর যে শৈলী, দেশের জার্সি গায়ে তা নাকি একেবারেই অনুপস্থিত। ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের প্রথম দুটো ম্যাচে খুঁজে পাওয়া যায়নি সান্তিয়াগো বার্নাব্যুর সেই রোনালদোকে। রিয়ালের জার্সি গায়ে এই মৌসুমে তাঁর পারফরম্যান্সের পুরোটাই অনুপস্থিত ছিল এই দুটো খেলায়। কিন্তু কাল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাতেই তিনি বল পায়ে ঝলসে উঠলেন। দুরন্ত প্লে-মেকিংয়ের নির্দশন রেখে পুরো দলকে খেলালেন। নিজে দুটো গোল করে জানিয়ে দিলেন, তিনি সেই রোনালদোই, যে রোনালদো আলো ছড়ায় স্প্যানিশ লিগে। যে রোনালদো তিন মৌসুম পর বার্সেলোনার আধিপত্য ভেঙে রিয়াল মাদ্রিদকে উপহার দিয়েছে আরাধ্য লিগ শিরোপা।হল্যান্ডের বিপক্ষে কালকের ম্যাচটিকে পর্তুগালের জার্সি গায়ে রোনালদোর সেরা ম্যাচ কি না, এ নিয়ে বিতর্কটা কিন্তু উঠে গেছে। পর্তুগালকে বেশি কিছু জেতাতে পারেননি রোনালদো। সর্বোচ্চ ২০০৪-এর ইউরোয় দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেই প্রতিযোগিতার সেমিতে এই হল্যান্ডের বিপক্ষেই রোনালদোর পারফরম্যান্সে স্মরণীয় হয়ে আছে এখনো। কিন্তু লিসবনের ফাইনালে গ্রিসের কাছে হেরে যাওয়ার স্মৃতিটা মুছে না গেলেও এত দিন ২০০৪-এর ইউরোকেই দেশের জার্সি গায়ে রোনালদোর সেরা পারফরম্যান্স হিসেবে ধরা হতো। কিন্তু কাল কি রোনালদো ছাপিয়ে গেলেন সবকিছুকেই। কাল হল্যান্ড বিধ্বস্ত হয়েছে মূলত রোনালদোর কাছেই। বিধ্বংসী এই পারফরম্যান্সই তো গ্রেট খেলোয়াড়ের পরিচায়ক। সেদিক দিয়ে রোনালদো কাল দারুণ এক ম্যাচই খেললেন। এই ম্যাচের পর অন্তত মুখ বন্ধ করবেন রোনালদোর সমালোচকেরা। যারা বলে বেড়াতেন, ক্লাব পর্যায়ে ভালো খেললেও রোনালদো আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলোয়াড়ই নন।হল্যান্ডের বিপক্ষে কাল রোনালদোর পারফরম্যান্স অন্তত একটি বিষয় পরিস্কার করেছে। তিনি অবশ্যই বড় ম্যাচের খেলোয়াড়। বড় ম্যাচেই তিনি জ্বলে ওঠেন। হল্যান্ডের খেলোয়াড়েরা রোনালদোর উত্তাপ কাল ভালোভাবেই টের পেয়েছেন। সেই উত্তাপের আঁচে রোবেন, স্নাইডাররা বুঝতে পেরেছেন, কোন মাপের খেলোয়াড় এই ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে নিয়ে নিন্দুকদের নিন্দা আসলেই ভিত্তিহীন।কাল রোনালদো দুটি গোল করেছেন। আরও দুটি গোল করতে গিয়ে পারেননি। ভাগ্য করতে দেয়নি বলাটাই বোধহয় বেশি যুক্তিযুক্ত। সাইডবারে লেগে ফিরে আসা ওই দুটি বল যেন রোনালদোর নিন্দুকদের প্রতি দয়া করেছে। কালই পর্তুগালের জার্সি গায়ে সেরা ম্যাচ খেললেন কি না—এই বিতর্কও যেন আরও জমিয়ে দিয়েছে। হল্যান্ডের বিপক্ষে রোনালদো চার গোল করে ফেললে সেরা পারফরম্যান্স নিয়ে বিতর্ক করার কিছু থাকত নাকি !পর্তুগাল ও রোনালদোকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। পর্তুগাল দলে রোনালদোর কোনো যোগ্য সঙ্গী না থাকার কথাটি কিছুদিন আগেই বলেছিলেন তিনি। মরিনহোর কথা অক্ষরে অক্ষরে ফলেছে এবারের ইউরোয়। রোনালদো যেদিন জাগলেন, জেগে উঠল গোটা পর্তুগাল দলই। পর্তুগিজ সমর্থকেরা আফসোস করতেই পারেন—দলে রোনালদোর একজন যোগ্য সঙ্গী যদি থাকত!