রোনালদোর সোনার বুট
মুখে স্বীকার করুন আর না-ই করুন, লিওনেল মেসির সঙ্গে একটা দ্বৈরথ তাঁর আছেই। দুজনে যে পাল্লা দিয়ে গোল করেন! গত মৌসুমে দু জনই গোল করেছিলেন ৫৩টি করে। তবে লিগে ৯টি গোল বেশি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেটিরই পুরস্কার হিসেবে গত পরশু মাদ্রিদে তাঁর হাতে ইউরোপিয়ান গোল্ডেন বুট তুলে দিলেন দুই কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও ইউসেবিও।ইউরোপের লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় এই পুরস্কার। লিগের গুরুত্বভেদে প্রতিটি গোলের জন্য ২, ১.৫ কিংবা ১ পয়েন্ট। বড় লিগগুলোয় ২ পয়েন্ট। স্প্যানিশ লিগে ৪০ গোলে রোনালদোর তাই ৮০ পয়েন্ট। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জয়। প্রথম জিতেছিলেন ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ৩১ গোল করে। ৩১ গোল করে মেসি আছেন দ্বিতীয় স্থানে। গোলসংখ্যাতেও পুরো ইউরোপে রোনালদো-মেসি এক আর দুই নম্বরে। এই স্বীকৃতিকে মেসির বিপক্ষে দ্বৈরথে জয় হিসেবে দেখাই স্বাভাবিক রোনালদোর জন্য। পর্তুগিজ উইঙ্গারের উত্তর অবশ্য হতাশ করবে আপনাকে, ‘মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই।’ নিজের খেলা খেলে যাওয়াটাকেই গুরুত্বপূর্ণ বলে ভাবেন বলেও জানিয়ে দিলেন, ‘আমি খেলতে ভালোবাসি, লোকে ভালোবাসে আমার খেলা দেখতে। এটা আমি পাল্টাব না।’তার মানে কি মেসির সঙ্গে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই? রোনালদোর উত্তর, ‘সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তো ভালোই। আমিও তাই মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসি, ভালোবাসি ইউরোপের বাকি সব সেরার সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে। তবে সেটা দলগতভাবে, ব্যক্তিগতভাবে নয়। চ্যাম্পিয়নস লিগ বা লা লিগার শিরোপার বিনিময়ে আমি এখনই এই পুরস্কারটা দিয়ে দিতে প্রস্তুত।’উদ্ধত, অহংকারী, স্বার্থপর, বিনয়ের ধার ধারেন না—রোনালদোর এমন একটা ভাবমূর্তি আছে। তবে কিছুদিন ধরে রোনালদো যেন অন্য কেউ। এই পুরস্কার জেতার পরও বিনয়ের অবতার হয়ে বললেন, ‘আমার বয়স মাত্র ২৬। এখনো তাই অনেক কিছুই শেখার আছে। আমি এখনো শিখছি। সামনে অনেক সময় পড়ে আছে। আমি এমন একটা ক্লাবে খেলি, যারা আমাকে এমন অনেক অর্জনের সুযোগ করে দেয়। আমার লক্ষ্য সর্বকালের সেরাদের একজন হওয়া।’রোনালদোর দুর্দান্ত গোল স্কোরিং ক্ষমতা বুঝতে হলে একটা তথ্যই যথেষ্ট। মাদ্রিদে আসার পর থেকে শততম গোল পূর্ণ করতে মাত্র ১০৫টি ম্যাচ লেগেছে তাঁর! রোনালদোকে আটকানোর কি কোনো পথই নেই? একটা পথ আছে। কী? ওসাসুনার ডিফেন্ডার রুবেন বলছেন, ‘রোনালদোকে কীভাবে আটকাতে হবে? দড়ি দিয়ে বেঁধে! এ ছাড়া আর কোনো উপায় আছে কি না, আমার জানা নেই।’আজ ওসাসুনার সঙ্গে খেলবে রিয়াল। দেখা যাক, রুবেন সত্যি সত্যিই দড়ি নিয়ে নামেন কি না! ওয়েবসাইট।