রোনালদোর স্বীকারোক্তি...

প্রথম ম্যাচে জার্মানির কাছে উড়ে যাওয়া পর্তুগাল কাল রাতেও হারতে বসেছিল। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তের গোলে কোনোমতে হার এড়িয়ে দ্বিতীয় রাউন্ডের আশাটা এখনো জিইয়ে রেখেছে। জার্মানিকে প্রায় হারিয়ে দিতে বসা ঘানার বিপক্ষে শেষ ম্যাচটি পর্তুগালের জন্য মহাগুরুত্বপূর্ণ। দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে হলে ওই ম্যাচে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে পর্তুগালকে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে। তবে বর্তমান ফর্মের বিচারে ‘শক্ত প্রতিপক্ষ’ ঘানার বিচারে পর্তুগিজরা কতটা কী করতে পারবে, সেটা অবশ্য বিবেচনার বিষয়।
পর্তুগালের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু, কোনো সন্দেহ নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি নিজে অবশ্য মনে করেন, পর্তুগালকে নিয়ে প্রত্যাশার ফানুস ওড়ানোর কোনো মানে হয় না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে তাঁর কথা, ‘পর্তুগাল মাঝারিমানের দল। এ দল নিয়ে আমি কখনোই বিশ্বকাপ জয়ের কথা ভাবিনি। দলের প্রচুর সীমাবদ্ধতা আছে। বড় দলগুলোর সেই সীমাবদ্ধতাগুলো নগ্নভাবেই বেরিয়ে আসবে। এমন দল নিয়ে বড় দলগুলোকে হারানো সম্ভব নয়।’
ঘানার বিপক্ষে সব সমীকরণ মিলিয়ে দল সহজেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে—এমনটা ভাবতেও সাহস পাচ্ছেন না রোনালদো, ‘অবশ্যই আমাদের সম্ভাবনা খুবই ক্ষীণ।’ এই মুহূর্তে প্রথম রাউন্ড থেকে পর্তুগালের বিদায়ের শঙ্কাও সহজভাবে নিচ্ছেন রোনালদো, ‘এটা অলৌকিক কোনো ব্যাপার নয়। আমরা জানতাম, কঠিন গ্রুপে আছি আমরা। সম্ভবত অন্য দলগুলো আমাদের চেয়ে ভালো। কখনোই ভাবিনি, বিশ্বচ্যাম্পিয়ন হব। নিজেদের অবস্থানটা বুঝতে হবে আমাদের। আমি ভণ্ড নই। কখনোই ভাবিনি, বিশ্বকাপের শিরোপা জেতার সামর্থ্য আমাদের রয়েছে।’
পুরো বিশ্বকাপেই রোনালদোর ফিটনেস নিয়ে চলছে নানাবিধ ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়েও সংশয় ছিল। তবে নিজের ফিটনেসকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না পর্তুগিজ অধিনায়ক, ‘নিজের শারীরিক সমস্যা দিয়ে পারফরম্যান্সের বিচার করতে আমি চাই না। আমি খেলছি, লড়াই করছি, দৌড়াচ্ছি, সেরাটাই দেওয়ার চেষ্টা করছি। নিজের সমস্যার কথা বলার কোনো মানে হয় না। এখানে প্রতিটি দলই জিততে এসেছে। আমরা জানতাম, আমরা ফেবারিট নই। সেটা কখনো ছিলামও না।’