রোনালদোর হ্যাটট্রিক, রিয়ালের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক দিয়ে নতুন চুক্তি উদযাপন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ছবি: গোল ডটকম।
হ্যাটট্রিক দিয়ে নতুন চুক্তি উদযাপন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ছবি: গোল ডটকম।

নতুন চুক্তি যেন নতুন করে উজ্জীবিত করল ক্রিস্টিয়ানো রোনালদোকে। সিআর-৭-এর দারুণ এক হ্যাটট্রিকের সঙ্গে করিম বেনজেমার জোড়া গোলে ভর করে কাল রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম খেলাতেই বাজিমাত করেছে রিয়াল মাদ্রিদ। ইস্তাম্বুলে তুর্কি জায়ান্ট গ্যালাতাসারাইকে তাঁরা হারিয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
প্রথম থেকেই দারুণ আক্রমণাত্মক রিয়াল প্রথম ঘণ্টার মধ্যেই সব আকর্ষণ মিইয়ে দেয়। ৩৩ মিনিটে ইসকোর গোলে এগিয়ে যাওয়া ‘ব্ল্যাঙ্কোস’রা করিম বেনজেমার কল্যাণে ব্যবধান দ্বিগুণ করে ৫৪ মিনিটে। শুরু থেকেই রিয়ালের আক্রমণের সবচেয়ে কার্যকরী অস্ত্র রোনালদো ম্যাচের ৬৩ ও ৬৬ মিনিটে ২ গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচটাকে করে তোলেন দারুণ একপেশে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে করিম বেনজেমা নিজের দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করেন। ৮৪ মিনিটে গ্যালাতাসারাইয়ের উমুত বুলুত সান্ত্বনার ১ গোল রিয়ালকে ফিরিয়ে দিলেও রোনালদো শেষ মুহূর্তে নিজের হ্যাটট্রিকটি পূরণ করে দলকে এনে দেন বিশাল এক জয়।
কাল অনেক দিন পর রিয়ালের প্রথম একাদশে সুযোগ হয়েছিল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। কিন্তু দুর্ভাগ্য তাঁর পিছু ছাড়েনি কাল। ম্যাচের ১৪ মিনিটে নিজ দলের সার্জিও র্যামোসের সঙ্গে সংঘর্ষ তাঁকে মাঠে থাকতে দেয়নি। প্রত্যাবর্তনের দিনেই আহত হয়ে ডাগআউটে ফেরত যেতে হয় তাঁকে।
গ্যারেথ বেল রিয়ালের পক্ষে দারুণভাবে অভিষিক্ত হলেও কাল তিনি প্রথম থেকে মাঠে ছিলেন না। তাঁর বদলে প্রথম একাদশে অ্যাঙ্গেল ডি মারিয়া নামলেও বেলকে বেশিক্ষণ ডাগআউটে বসিয়ে রাখতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। গ্যালাতাসারাইয়ের পক্ষে কাল মাঠে ফিরেছিলেন ওয়েসলি স্নাইডার আর ফার্নান্দো মুসলেরা। ফাইথ তেরিম আর বুরুক ইলমাজের সঙ্গে তুর্কিদের আক্রমণের নেতৃত্বে ছিলেন দিদিয়ের দ্রগবা।

খেলার শুরুতে অবশ্য কিছু সময়ের জন্য রিয়ালের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিল গ্যালাতাসারাই। তবে ৩৩ মিনিটে ডি মারিয়ার একটি লম্বা পাস দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে দলের পক্ষে প্রথম গোলটি করেন তরুণ ইসকো। ডি মারিয়ার পাস নিজের কাছে যাওয়ার মুহূর্তেই এক ঝটকায় ইসকো কাবু করেন প্রতিদ্বন্দ্বী রক্ষণ সেনাকে। এরপর ঠান্ডা মাথায় তিনি গোলরক্ষক মুসলেরার ডান দিক দিয়ে তা জালে পাঠান।

রিয়ালের দ্বিতীয় গোলেও অবদান ছিল ডি মারিয়ার। ফিলিপ মেলোর দুর্বল মিস হেড মারিয়া পেয়ে গেলে তিনি তা বাড়িয়ে দেন বেনজেমার দিকে। সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি ফরাসি এই স্ট্রাইকারের।

ঘণ্টা খানেক বাদে (ম্যাচের ৬৩ মিনিটে) গোল স্কোরার হিসেবে দৃশ্যপটে আবির্ভূত হন রোনালদো। পর্তুগিজ স্ট্রাইকারের প্রথম গোলেও নাম আসবে আর্জেন্টাইন প্লেমেকার ডি মারিয়ার। মারিয়ার দারুণ এক ক্রস থেকে বল পেয়ে ইসকো তা রোনালদোর দিকে ঠেলে দেন। রোনালদোর তা গোলে পরিণত করতে খুব একটা বেগ পেতে হয়নি।

তিন মিনিট বাদেই রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করেন। গ্যালাতাসারাইয়ের রক্ষণের দুর্বলতা এই গোলের জন্য অনেকাংশে দায়ী। গ্যারেথ বেলের একটি ফ্রি-কিক থেকে মার্কিং ফাঁকি দিয়ে হেড করেন র্যামোস। তাঁর হেড গোলরক্ষক মুসলেরা ঠেকালেও ফিরতি বলে গোল করেন রোনালদো।

৮২ মিনিটে বেনজেমার ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি আসে রোনালদোর দারুণ এক নিচু ক্রসে। ৮৪ মিনিটে বুলুত গ্যালাতাসারাইয়ের পক্ষে একমাত্র গোলটি করেন।

একেবারে শেষ মুহূর্তে দারুণ ঝলক দেখান রোনালদো। গ্যালাতাসারাইয়ের তিন খেলোয়াড়কে কাটিয়ে গোল করে রোনালদো হ্যাটট্রিক পূরণ তো করেনই, সেই সঙ্গে প্রমাণ করেন তিনি কী জিনিস! সূত্র: রয়টার্স।