রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা। ফিরেই নিজের উপস্থিতির গুরুত্বটা বুঝিয়ে দিয়েছিলেন সবাইকে। আর গতকাল লা লিগার শক্তিশালী প্রতিপক্ষ ভিলারিয়ালের বিপক্ষে গোল করে নিজেকে চেনালেন নতুনভাবে। রিয়াল কোচ মরিনহো এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন যে ডাগআউটের ছোট গণ্ডিটার মধ্যে ধরে রাখতে পারেননি নিজেকে। ৮২ মিনিটে কাকার গোল উদযাপন করতে করতে চলে গিয়েছিলেন প্রতিপক্ষ ভিলারিয়ালের এলাকায়। কাকার গোলটির সঙ্গে মৌসুমে রোনালদোর তৃতীয় হ্যাটট্রিকের সুবাদে ভিলারিয়ালের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকালের হ্যাটট্রিকটা দিয়ে মেসির সঙ্গে গোল ব্যবধান অনেকটাই বাড়িয়ে ফেলেছেন রোনালদো। স্প্যানিশ লিগের ১৮ ম্যাচ পর মেসির গোল সংখ্যা ১৮। রোনালদোর ২২। লিগ পয়েন্ট টেবিলে অবশ্য এখনো রিয়ালের থেকে দুই পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।গতকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুরুতেই ভিলারিয়ালকে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার কানি। তাদের এই গোলোত্সব অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরেই খেলায় সমতা ফেরান রোনালদো। ১৮ মিনিটের মাথায় মার্কো রুবেনের গোলে আবার চালকের আসনে বসে ভিলারিয়াল। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটা করে আবার রিয়ালকে খেলায় ফেরান রোনালদো। ২-২ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে গেলেও জয়সূচক গোলটি পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৭৯ মিনিট পর্যন্ত। মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক করে রোনালদো ভারমুক্ত করেন রিয়াল মাদ্রিদকে। ৮২ মিনিটে এবারের মৌসুমের প্রথম গোলটি করে জয় নিশ্চিত করেন কাকা। এই গোলটিও কাকা করেছেন রোনালদোর পাস থেকে। রয়টার্স।