রোনালদোর হ্যাট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রমশই যেন আরও বিধ্বংসী হয়ে উঠছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগার শেষ দুইটি ম্যাচেই তিনি করেছেন পাঁচটি গোল। আজও ইউরোপিয়ান ফুটবল দেখল রোনালদোর আরও একটি হ্যাট্রিক। পর্তুগিজ এই উইঙ্গারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদও পেয়েছে ৫-১ গোলের বড় জয়। ১৩ ম্যাচে ১৬ গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষস্থানটা বেশ ভালোমতোই নিজের দখলে নিয়েছেন রোনালদো। লা লিগায় টানা চারটি ম্যাচ গোলশূণ্য থাকায় মেসি চলে গেছেন অনেকখানিই পিছনে। ১২টি ম্যাচে মেসির গোলসংখ্যা ৮।

রিয়াল মাদ্রিদের পাঁচটি গোলের চারটিই এসেছে প্রথমার্ধে। ১২ মিনিটে বেনজেমার বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়েছেন রোনালদো। ছয় মিনিট পরে রিয়ালের দ্বিতীয় গোলটিও এসেছে এই দুজনের চমত্কার সমন্বয়ে। এবার রোনালদোর পাস থেকে গোল করেছেন বেনজেমা। ২৬ মিনিটের মাথায় রোনালদোর দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। ১০ মিনিট পরে গ্যারেথ বেলের পাস থেকে বল পেয়ে গোল ব্যবধানটা আরও বাড়িয়ে দিয়েছেন সামি খেদিরা। ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধেই জয়টা নিশ্চিত করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু রোনালদোর গোলক্ষুধা তখনও মেটেনি। ৭৬ মিনিটের মাথায় চমত্কার এক ফ্রি-কিক থেকে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেছেন এসময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

৬১ মিনিটে সোসিয়েদাদ একটি গোল শোধ করতে পেরেছে রিয়াল মাদ্রিদ রক্ষণভাগের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়েই বল ঠেলে দিয়েছিলেন পেপে। ফাঁকায় বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল করেননি সোসিয়েদাদের মিডফিল্ডার অ্যান্টনি গ্রিয়েজম্যান। ৮৬ মিনিটে আরেকটি গোল শোধের সুবর্ণ সুযোগও পেয়েছিল সোলসিয়েদাদ। কিন্তু কার্লোস ভেলার জোড়ালো শট দারুণভাবে প্রতিহত করেছেন ডিয়েগো লোপেজ।