রোনালদোর ২০০ ও বার্সার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার আরেকটি গোলের জন্য হাপিত্যেশ করেছে বার্নাব্যু। ২-০-তে জেতা সেই ম্যাচে রিয়াল আরেকটি গোল করতে পারলেই উঠে যেত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু পুরো মৌসুমে গোলের বন্যা বইয়ে দিলেও সেদিন বার্নাব্যুর সমর্থকদের আশা পূরণ করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সেই রোনালদো পরশু সেই বার্নাব্যুতেই করলেন জোড়া গোল। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালও ভ্যালাদোলিদের বিপক্ষে জিতল ৪-৩ গোলে।লিগের জয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার হতাশা পূরণ হওয়ার নয়। তা ছাড়া এই জয়ে রিয়ালের লিগ শিরোপা জয়ের সম্ভাবনাও তো নেই। যেটা হলো, বার্সেলোনার অপেক্ষা বাড়ল অন্তত আরও এক সপ্তাহের জন্য। ভ্যালাদোলিদের কাছে রিয়াল হেরে গেলে আর কাল রাতে রিয়াল বেটিসের বিপক্ষে জিতলেই পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার। কিন্তু রিয়ালের জয়ের পর কাল জিতে থাকলেও বার্সাকে থাকতে হচ্ছে অপেক্ষায়।বার্সার অপেক্ষা বাড়ানোর ম্যাচে রোনালদো ছুঁয়েছেন একটা মাইলফলক। পরশু রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল রিয়ালের জার্সি গায়ে তাঁর ২০০তম গোল। ৮ মিনিটে অস্কার গঞ্জালেসের গোলে প্রথমে এগিয়ে যায় সফরকারী ভ্যালাদোলিদ। ২৬ মিনিটে ভ্যালাদোলিদ ডিফেন্ডার মার্ক ভ্যালিয়েন্তের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। ৬ মিনিট পরই রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। কিন্তু তিন মিনিটের মধ্যেই জাভি গুয়েরোর গোলে সমতা (২-২) ফিরিয়ে বিরতিতে যায় ভ্যালাদোলিদ।দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার রিয়ালকে এগিয়ে দেন কাকা। ৭০ মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৪-২ গোলে এগিয়ে দেওয়ার পাশাপাশি রিয়ালের হয়ে ছুঁয়ে ফেলেন ২০০ গোলের মাইলফলক। এই গোলেই মূলত নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। মাইলফলক ছোঁয়া গোলটিও ছিল দর্শনীয়। বদলি খেলোয়াড় মেসুত ওজিলের কর্নার থেকে দুর্দান্ত হেডে রোনালদো বল জড়িয়ে দেন জালে। যদিও ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি এসেছে আরও পরে, ৮৭ মিনিটে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে রিয়ালের গোলরক্ষক ডিয়েগো লোপেজকে পরাস্ত করেন ভ্যালাদোলিদের বদলি খেলোয়াড় লুইস সাস্ত্রে। তবে তাঁর গোলটি ভ্যালাদোলিদের হারের ব্যবধানটাই শুধু কমিয়েছে।জিতলেও শিরোপা সম্ভাবনা যে বলতে গেলে নেই, সেটা জানে রিয়াল। যদিও রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপে তাকাতে চাইছেন অসম্ভবের দিকেই। যদি হঠাৎ ঝড়ে বার্সা এলোমেলো হয়ে যায়! ‘আমাদের দরকার নিজেদের কাজটা করে যাওয়া। পরে দেখতে হবে কী ঘটে’—বলেছেন পেপে। এএফপি।