রোনালদোর ৪-০ লজ্জা!

ম্যাচের শুরুর দিকে কয়েকটি ভোতা আক্রমণ চালিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরই পাল্টে গেল ম্যাচের চিত্র। পুরো ম্যাচে আর খুঁজেই পাওয়া গেল না সিআর সেভেনকে। শেষমেশ জার্মানদের কাছে ৪-০ পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো পর্তুগিজদের। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের ১০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখল জোয়াকিম লোর দল।
১২ মিনিটে মারিও গোটশেকে বক্সে ফাউল করলেন পর্তুগালের জোয়াও পেরেইরা। পেনাল্টি শট থেকে গোল আদায় করলেন টমাস মুলার। ৩২ মিনিটে টনি ক্রুসের কর্নার কিকে হেডে ম্যাটস হামেলসের দারুণ গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জার্মানি। ৩৭ মিনিটে ফাউল করার পর উল্টো মুলারের মাথায় ঠোকা দিয়ে লাল কার্ড দেখলেন পেপে। দশজনের দলে পরিণত পর্তুগাল হলো। প্রথমার্ধের শেষ মুহূর্তে মুলারের বাম পায়ে জোরালো শট। আবারও গোল! প্রথমার্ধেই স্কোরলাইন জার্মানি ৩:০ পর্তুগাল।
৭৮ মিনিটে প্রথমে আন্দ্রে শুরলের শটটি ঠেকিয়ে দেন পুর্তগিজ গোলরক্ষক রুই প্যাত্রিকো। বল চলে আসে মুলারের পায়ে। কোনো ভুল হয়নি। এ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করে ফেললেন জার্মান ফরোয়ার্ড। গতবারের গোল্ডেন বুট বিজয়ী মুলার এবারও শুরু করলেন গোল-বৃষ্টি দিয়ে! সর্বশেষ মৌসুমে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেছেন ২৬ গোল। বড় মঞ্চে জাতীয় দলের জার্সিতে জার্মানদের চেহারা যায় বদলে। সে ধারা আজও অব্যাহত থাকল। মুলার হয়ে উঠলেন আগ্রাসী, ভয়ংকর। জার্মান ফরোয়ার্ডের গোলতৃষ্ণা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরালো ক্ষণে ক্ষণে।
জার্মানির দখলে বল ছিল ৫৪ শতাংশ, পর্তুগালের ৪৬ শতাংশ। জার্মানির লক্ষ্যে শট ছিল ৯টি ও পর্তুগালের ৯টি। ম্যানুয়েল নয়্যারের অসাধারণ কয়েকটি সেভ ছিল। জার্মানির বিপক্ষে ১৭ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে পর্তুগাল। সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় জার্মানির বিপক্ষে আরেকটি পরাজয়ের অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এবার বিশ্বকাপে তারকা খেলোয়াড়েরা গোল পাচ্ছেন। সেদিক দিয়ে সিআর সেভেন পিছিয়েই থাকলেন।