রোনালদোর ‘ক্ষমা প্রার্থনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ওল্ড ট্রাফোর্ডে ডজন ডজন গোল করেছেন। উদ্যাপনও করেছেন বাঁধভাঙা। প্রিয় সেই ওল্ড ট্রাফোর্ডে পরশু আবারও একটি গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু গোলের পর হাত দুটো এমনভাবে কাঁধ পর্যন্ত উঁচিয়ে ধরলেন, অর্থ একটাই—তোমাদের হূদয় ভেঙে দেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী!আগেই ঘোষণা দিয়েছিলেন, গোল পেলেও উদ্যাপন করবেন না। গত মাসে প্রথম লেগে রিয়ালের সমতাসূচক গোলটি করেও উদ্যাপন করেননি। তবে স্মৃতিবিজড়িত ওল্ড ট্রাফোর্ডের ফিরে আসার পর রোনালদো আরও বিনয়ই দেখালেন। যেন গোল করে মস্ত এক অন্যায় করে ফেলেছেন! ম্যাচ শেষে বললেন ‘এটা ছিল আমার জন্য আবেগময় এক মুহূর্ত। আমি স্রেফ একটা কথাই বলতে পারি—অবিশ্বাস্য। এই সম্মানটা সেসব মানুষের জন্য, যারা এখানে আমাকে অনেক বছর ধরে ভালোবাসা দিয়েছে। সেই অনুভূতি আপনি কখনোই ভুলতে পারবেন না।’২০০৯ সালে ছেড়ে যাওয়ার পর এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে পা রাখা—আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হবে এটা অনুমিতই ছিল। বাস্তবে আবেগের রেণু ছড়াল প্রত্যাশার চেয়েও বেশি। পরশু মাঠে ঢুকতেই রোনালদোকে করতালি দিয়ে অভিনন্দন জানায় পুরো গ্যালারি। আর ‘আপন ঘরে’ ঢুকে রোনালদোর হূদয়টাই হয়ে যায় দুই ভাগ। গোল করে রিয়ালকে আরেক ধাপ এগিয়ে নিয়ে নেওয়ায় একদিকে তিনি খুশি। আবার সাবেক ক্লাব টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় আছে হতাশাও, ‘উদ্যাপন করিনি। কিন্তু ভেতরে ভেতরে আমি খুবই খুশি ছিলাম। কারণ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে ধাপে ধাপে এগিয়ে যেতে জয়টাই বেশি করে চাইছিলাম আমি। হোম এবং অ্যাওয়ে দুই ম্যাচেই গোল করে আমি আমার দলকে সাহায্য করেছি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড বাদ পড়ায় আমি দুঃখও পেয়েছি।’রিয়ালের ডিফেন্ডার আলভারো আলবেলোয়াকে ট্যাকল করে লাল কার্ড পান রোনালাদোরই স্বদেশি নানি। বিতর্কিত এ লাল কার্ড নিয়ে রোনালদোর ভাষ্য, ‘আমি নানির ঘটনাটার রিপ্লে দেখিনি। কিন্তু এই রকম পরিস্থিতি ফুটবলে ঘটেই।’ রয়টার্স, এএফপি।