রোনালদোর ‘পারফেক্ট টেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাদিয়া কোমানেচির সঙ্গে কোনো অবস্থাতেই তাঁর তুলনা চলে না। তবে কিছুক্ষণের জন্য হলেও কোমানেচি হয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অলিম্পিকের ইতিহাসে জিমন্যাস্টিকসে প্রথম ‘পারফেক্ট টেন’ পেয়েছিলেন কোমানেচি। ফুটবলে তেমন স্কোরিং পদ্ধতি নেই। তবে রোনালদো দশে দশই পেয়েছেন গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পারফরম্যান্সের জন্য। আর এই নম্বর নিজেই নিজেকে দিয়েছেন এ পর্তুগিজ তারকা।স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে রোনালদো বলেছেন, ‘ব্যক্তিগত হিসাবে আমার এই মৌসুমকে দশই দেব। অবশ্য দলগতভাবে এই মৌসুমে আমরা দশে নয় পেয়েছি। কারণ, আমরা আরও বেশি কিছু জিততে চেয়েছিলাম, যেমন চ্যাম্পিয়নস লিগ। আমরা এ বছর ওই শিরোপার কাছাকাছি গিয়েছিলাম। এবার হয়নি, তবে আগামীবার ক্লাবের দশম ইউরোপ-সেরা ট্রফিটি আসবে। আমাদের শান্ত থাকতে হবে। আমি নিশ্চিত, শিরোপাটি জেতা স্রেফ সময়ের ব্যাপার।’দশে দশ পেলে আর কী-ই বা চাওয়ার থাকে! আছে। রোনালদো বলছেন, নিজেকে আরও নিখুঁত, আরও ভালো করাই তাঁর লক্ষ্য। আগের মৌসুমে লা লিগায় ৩৪ ম্যাচে ৪০ গোল করেছিলেন। অনেক পুরোনো রেকর্ড ভেঙেছিল। কে জানত, সেই রেকর্ডের আয়ু টিকবে মাত্র এক বছর! এই মৌসুমে সেই রেকর্ড লিওনেল মেসির পাশাপাশি তিনিও ভেঙেছেন। রোনালদো ৩৮ ম্যাচে করেছেন ৪৬ গোল। ৩৭ ম্যাচে মেসি করেছেন ৫০ গোল। অবিশ্বাস্য! কিন্তু এই রেকর্ডের আয়ুও যে দীর্ঘস্থায়ী হবে, কে দেবে সেই গ্যারান্টি?রোনালদো নিজেই বলছেন, ‘আমার লক্ষ্য আগামী বছর আরও ভালো করা। জানি, লা লিগায় ৪৬টির বেশি গোল করা খুবই কঠিন। কিন্তু ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। আমি সত্যিই বিশ্বাস করি, আমার পক্ষে এখনো উন্নতি করা সম্ভব। আমরা যেসব রেকর্ড ভেঙেছি, তার পুনরাবৃত্তি করা সত্যিই কঠিন। কিন্তু কী হবে, কেউ জানে না।’ব্যক্তিগত লড়াইয়ে এই মৌসুমেও মেসির কাছে হেরেছেন। কিন্তু খুব একটা পিছিয়েও নেই। ৫৯ ম্যাচে মেসির গোল ৭২, রোনালদো ৫৫ ম্যাচে করেছেন ৬০টি। এখানে পিছিয়ে আছেন, কিন্তু চওড়া হাসিটি তাঁর মুখেই শোভা পাচ্ছে। বার্সার তিন মৌসুমের আধিপত্য ভেঙে যে এবারই লা লিগার শিরোপা তুলেছে রিয়াল মাদ্রিদই। রোনালদো বলছেন, ‘আমার ধারণা, ধারাটা বদলে গেছে। আশা করি, এমনটা অনেক অনেক বছর ধরে থেকে যাবে। বার্সেলোনা দুর্দান্ত একটি দল, আমরাও। এই বছর আমরা দেখিয়ে দিয়েছি, এই মুহূর্তে আমরাই সেরা।’ ওয়েবসাইট।