রোনালদোর ‘সেরা’ লা লিগা
লা লিগা দুই ঘোড়ার রেস। এ কারণে অনেকেই বলেন, এখানে প্রতিদ্বন্দ্বিতার অভাব। এবার অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ, মালাগার মতো দলগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে। তার পরও স্প্যানিশ লিগের শিরোপা লড়াই রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যেই হবে বলে মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবং তাঁর মতে, দুই দলের রেস হলেও লা লিগাই বিশ্বের সেরা ফুটবল লিগ।অনেকের চোখে বিশ্বের সেরা ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় মৌসুম কাটিয়ে আসা রোনালদো সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কোনো দলের সম্ভাবনা নাকচ করে দিচ্ছি না, তার পরও আমার ধারণা, এবারও লড়াইটা আমাদের আর বার্সার মধ্যে হবে।’গতবার লিগের ৩০ ম্যাচের দুটি মাত্র হার ছিল রিয়ালের। কিন্তু শিরোপা হাতে না ওঠা পর্যন্ত স্বস্তিতে ছিল না তারা। এর আগের মৌসুমে মাত্র এক ম্যাচে হেরেও বার্সার অপেক্ষা ছিল শেষ দিন পর্যন্ত। প্রতিটি ম্যাচই জিততে হবে—এই পাহাড়সমান চাপ নিয়ে প্রতি সপ্তাহে মাঠে নামতে হয় রিয়াল-বার্সাকে। পৃথিবীর আর কোনো দলকেই এমন চাপ নিতে হয় না বলেই মনে করেন রোনালদো। রিয়ালের উইঙ্গার বলেছেন, ‘গত ১০ বছরে আমাদের মতো এমন প্রতিদ্বন্দ্বিতা আর কোথাও হয়েছে বলে মনে পড়ে না। সাবেক খেলোয়াড়েরাও বলতেন, এটাই তাদের খেলা সবচেয়ে কঠিন লিগ। আমিও মনে করি, এ মুহূর্তে স্প্যানিশ লিগই বিশ্বের সেরা। কারণ এখানে বিশ্বের সেরা দুই দল এবং সেরা খেলোয়াড়েরাই খেলে।’এই মৌসুমেও যেমন। রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থেকেও আয়েশ করার ফুরসত নেই বার্সার। রিয়ালের তো প্রশ্নই আসে না। ব্যবধান আরও বাড়ানোর ঝুঁকি নেওয়া মানেই ঘূর্ণিঝড় ডেকে আনা। সেই স্নায়ুচাপ আজ দুই দলেই বাড়বে। বার্সেলোনার জন্য মায়োর্কা আর রিয়াল মাদ্রিদের জন্য লেভান্তে মোটেও সহজ প্রতিপক্ষ নয়। খেলাটা আবার প্রতিপক্ষের মাঠে। মায়োর্কা বা লেভান্তে নয়, অলক্ষ্যে রিয়ালের প্রতিপক্ষ হয়ে থাকবে বার্সা, বার্সার রিয়াল।দুই দলেই আছে চোট-সমস্যা। এটা যেমন তাদের একবিন্দুতে মেলায়, আলাদাও করে। রিয়ালের সমস্যা আক্রমণভাগে। হিগুয়েইন-বেনজেমাকে ছাড়াই আজ মাঠে নামবে রিয়াল। রক্ষণ নিয়ে ভুগতে থাকা বার্সার একটা আধা সুখবর আছে। অনুশীলনে ফিরেছেন অধিনায়ক কার্লোস পুয়োল। মাঠে ফিরতে অবশ্য এখনো সময় লাগবে। এএফপি।