লা লিগার স্বপ্নটা দিগন্তে মিলিয়েছে বহু আগেই। অলৌকিক কিছু না ঘটলে বার্সেলোনার ঘরেই যাচ্ছে শিরোপা। এ অবস্থায় নিজেদের কাজটাই অবশ্য রিয়াল মাদ্রিদ সেরে রাখছে। গত পরশু সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ৫৮ পয়েন্ট নিয়ে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর চেয়ে রিয়াল এখন এগিয়ে ১ পয়েন্টে। এ মুহূর্তে হোসে মরিনহোর অগ্রাধিকার তালিকার প্রথমেই চ্যাম্পিয়নস লিগ। পরে কোপা ডেল রে। ১১ ম্যাচ বাকি থাকতে ১৩ পয়েন্ট পিছিয়ে থাকলে ঘোর আশাবাদীও লিগ জয়ের কথা বলতে দুবার ভাববেন। সে যা-ই হোক, আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর আলোতেই মহিমান্বিত রিয়ালের টানা ষষ্ঠ জয়। ২ গোল করে লা লিগায় রোনালদো তাঁর গোলসংখ্যা নিয়ে গেলেন ২৬-এ। এই ম্যাচে আলোনসো, আরবেলোয়াসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন মরিনহো। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬১ মিনিট। দুই মিনিট পরই অবশ্য আসপাসের গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। ৭২ মিনিটে রোনালদোর গোলই শেষে জিতিয়ে দেয় রিয়ালকে।রোনালদো গোল পাচ্ছেন, কিন্তু স্ট্রাইকাররা যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। বেনজেমা-হিগুয়েইনদের কেউই যে এখনো যে গোলসংখ্যায় দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি! হিগুয়েইনের গোল ৯টি, বেনজেমার মাত্র ৭টি। তবে রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা এখনো আস্থা রাখছেন তাঁদের ওপর, ‘গত বছর সবকিছুই ঠিকঠাক চলেছিল। এই বছরে ঠিক সেটা হয়নি। কিন্তু সময়ের সঙ্গে তারা আবার গোল করা শুরু করবে।’বড় জয় না পাওয়ায় হতাশা অবশ্য গোপন করেননি কারাঙ্কা, ‘আমরা ম্যাচটা অনেক আগেই পকেটে পুরে ফেলতে পারতাম। কিন্তু গোল আসেনি। তাদেরও সুযোগ এসেছিল। শেষে তো তারা সমতাই এনে ফেলতে পারত। সেটা হতো আমাদের জন্য লজ্জার।’ দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে তিনে নেমে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এএফপি।