রোনালদোয় মুগ্ধ ওয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলফ্রেডো ডি স্টেফানো, ফেরেঙ্ক পুসকাস, কার্লোস সান্তিয়ানা, হুগো সানচেজ, ফ্রানসিস্কো জেন্টো, পিরি থেকে রাউল গঞ্জালেস, ব্রাজিলিয়ান রোনালদো, জিনেদিন জিদান, লুইস ফিগো, ডেভিড বেকহাম—রিয়াল মাদ্রিদের কিংবদন্তি খেলোয়াড়দের নাম গুনতে গেলে আঙুল ব্যথা হয়ে যাবে!

যে তালিকার সর্বশেষ নাম নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনালদো। এঁদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া কঠিনই। কিন্তু সেই কঠিন কাজটাই মাইকেল ওয়েন করলেন অবলীলায়! রিয়ালের সাবেক ইংলিশ স্ট্রাইকার বলে দিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোই রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা।

রোনালদো যেভাবে গোলের বান বইয়ে দিয়ে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন, তা দেখে ওয়েন অভিভূত। কদিন আগে হাঙ্গেরিয়ান কিংবদন্তি পুসকাসকে পেছনে ফেলে রিয়ালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চারে উঠে গেছেন রোনালদো। পুসকাস ২৬২ ম্যাচে করেছিলেন ২৪২ গোল। রোনালদো ২৪৩ ম্যাচেই করে ফেলেছেন ২৫০ গোল!

গত মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন রিয়ালের পর্তুগিজ তারকা। ইংল্যান্ডের সাবেক ‘বিস্ময়বালক’ স্পোর্টলবস্টার-এ নিজের কলামে লিখেছেন, ‘আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোই রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা। তার পরই পুসকাস। রিয়াল মাদ্রিদের পক্ষে সবচেয়ে কম সময়ে ১০০ গোলের রেকর্ডও করেছে সে এবং মাদ্রিদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও ওর।’ ওয়েবসাইট।