রোনালদোয় মুগ্ধ ডি স্টেফানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে থাকেন, সেখানে লিওনেল মেসিও থাকেন। আবার উল্টো দিক দিয়েও এটি সত্য। কোথাও মেসির থাকা মানেই সেখানে থাকে রোনালদোর ছায়া। ইউরোতেও পাওয়া যাচ্ছে এর প্রমাণ। রোনালদো খেলছেন বলে না থেকেও আছেন মেসি। রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে আরও তীব্র হয়ে উঠেছে ‘কে সেরা’ এই বিতর্ক।আগের তিন বছরই রোনালদোকে টপকে বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। বার্সেলোনার হয়ে এ মৌসুমে আবার করেছেন ৭৩ গোল! আগামী বছরও তাই বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার-দৌড়ে মেসিকেই এগিয়ে রাখছিলেন কেউ কেউ। কিন্তু রোনালদোর দুর্দান্ত ইউরো পারফরম্যান্স তাঁর পালে লাগিয়েছে উতল হাওয়া। যা দেখে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো প্রশস্তিতে মেতেছেন পর্তুগিজ উইঙ্গারের।রিয়াল মাদ্রিদের সাবেক আর্জেন্টাইন তারকা স্বদেশি মেসির চেয়ে যেন একটু হলেও এখন এগিয়ে রাখছেন রোনালদোকে। ‘ইউরোর সব খেলা আমার দেখা হয়ে উঠছে না। কিন্তু টুর্নামেন্টটা ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ যাচ্ছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে সে দুর্দান্ত এক গোল করেছে। সে পূর্ণাঙ্গ এক খেলোয়াড়—এমন স্ট্রাইকার যার ওপর গোলের জন্য ভরসা করা যায়’—পর্তুগিজ দৈনিক ডি নতিসিয়াসকে বলেছেন স্টেফানো।ক্যারিয়ারের সুবর্ণ সময়টা কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। সেই রিয়ালপ্রীতি থেকেই স্টেফানো বলছেন, ‘মেসি এবং রোনালদো দুজনই বড় খেলোয়াড়। কিন্তু আমি চাই রিয়াল মাদ্রিদ থেকেই একজন বিশ্বসেরা হোক।’মেসি প্রসঙ্গ উঠে আসার পেছনে রোনালদোর নিজেরও এখানে ‘কৃতিত্ব’ আছে। প্রথম দুই ম্যাচে হয়ে ছিলেন নিজের ছায়া। ‘মেসি, মেসি’ বলে দুয়োও উঠেছে গ্যালারিতে। জবাবে রোনালদো নিন্দুকদের মনে করিয়ে দেন এক বছর আগে নিজেদের মাটির কোপা আমেরিকায় মেসির আর্জেন্টিনার গ্রুপ পর্ব থেকেই বিদায়ের কথা। ওষ্ঠ বিশারদ সমর্থকদের দাবি, কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রকে হারানো গোল করার পর রোনালদো ‘মেসি, মেসি’ বলেই চিৎকার করেছেন। যদিও রোনালদো বলছেন, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের নাম উচ্চারণ করে গোলটা উৎসর্গ করেছিলেন তাকে।এ মুহূর্তে মেসি রয়েছেন আর্জেন্টিনায়। ‘এ নিয়ে আমার কিছু বলার নেই’ বলে ‘দুইয়ের মধ্যে কে সেরা’ এই বিতর্ক এড়িয়ে যেতে চেয়েছেন কূটনীতিকের মতো। যদিও স্পেনের হাতে শিরোপা দেখার ইচ্ছাটা তিনি প্রকাশ করেছেন। সেমিফাইনালে কিন্তু রোনালদোর পর্তুগালেরই মুখোমুখি স্পেন! এএফপি।