রোনির কাছে মেসির ঋণ

এখন তিনি মহাতারকা। ফুটবলের রাজদণ্ড তাঁর হাতে। তিনি বিশ্বসেরা লিওনেল মেসি। বার্সেলোনাতে যখনই নতুন কোনো ফুটবলার আসেন, নিশ্চয়ই এটা ভেবে শিহরিত হন যে মেসির পাশে খেলতে পারবেন তিনি! কথাটা সত্য এমনকি নেইমারের বেলায়ও।কিন্তু এই মেসি যখন বিশ্বসেরা মেসি হয়ে ওঠেননি, আজ থেকে প্রায় নয় বছর আগে যখন কেবল বার্সেলোনার বয়সভিত্তিক দল থেকে মূল দলে জায়গা করে নিয়েছেন, তখন কেমন ছিল তাঁর জীবনটা? হ্যাঁ, তখন মেসিও শিহরিত হতেন একজনের খেলা দেখে। তাঁর সংস্পর্শে এসেই মেসির আজকের ‘এই মেসি’ হয়ে ওঠা। বার্সেলোনা টিভির সঙ্গে সাক্ষাৎকারে কৃতজ্ঞচিত্তে সেই মানুষটির কথা স্মরণ করেছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। সেই একজনের নাম রোনালদিনহো। সেই সময়ের ব্রাজিলিয়ান সুপারস্টার পিএসজি থেকে ন্যু ক্যাম্পে পা রেখেছিলেন ২০০৩ সালে। মেসি বার্সেলোনার মূল দলে প্রথম ডাক পান তার পরের বছর। ১৭ বছরের এক কিশোরের জন্য এত বড় তারকা ও নামীদামি ফুটবলারদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকাই তো বুকে কাঁপন ধরানোর মতো। কিন্তু রোনালদিনহোর সেই সময়ের অকৃত্রিম সহযোগিতা পেয়ে ধন্য হলেন মেসি, ‘আমি প্রথম যেদিন লকার রুমে ঢুকলাম, রোনালদিনহো, ডেকো, সিলভিনহো আর থিয়াগো মোত্তা আমাকে স্বাগত জানাল। অনেক কিছু বুঝিয়ে দিল। কিন্তু আমি সবচেয়ে বেশি শিখেছি রোনালদিনহোর কাছ থেকে।’ প্রথম দিন থেকেই বন্ধুর মতো পাশে থেকেছেন বলে রোনির প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই আর্জেন্টাইন অধিনায়কের, ‘এটা আমাকে খুবই সাহায্য করেছে। একজন কিশোরের জন্য লকার রুমে এত তারকার সঙ্গে ওঠা-বসা খুব কঠিন। কিন্তু রোনালদিনহো সবকিছু সহজ করে দিয়েছিল। আমি ভাগ্যবান যে ওর সঙ্গ পেয়েছি, ওর সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করতে পেরেছি। আমি বলতে পারি সে একজন অসাধারণ মানুষ।’
শুধু তাঁর প্রতি সহানুভূতিপ্রবণ ছিলেন বলেই নয়, ক্লাবের সাফল্যেও রোনালদিনহোর যে অবদান সে কারণে ব্রাজিলিয়ান এই প্লে-মেকারের কাছে কৃতজ্ঞ তিনি, ‘বার্সেলোনা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রথম বছরে রোনালদিনহো কিছু জেতাতে পারল না। কিন্তু তার পরও তাঁকে সবাই পছন্দ করত। এরপর একের পর এক সাফল্য এল এবং সে সবাইকে খুশি করল। আমার বিশ্বাস, বার্সেলোনার তার কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত।’ এএফপি।