রোবেন জানতেন...
গত বছর অ্যালিয়েঞ্জ অ্যারেনার ওই রাতটি রোবেনকে এক বছর ধরে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। চেলসির বিপক্ষে দুঃস্বপ্নের সেই ফাইনালের অতিরিক্ত সময়ে তিনি ব্যর্থ হয়েছিলেন পেনাল্টি থেকে গোল করতে। পরে টাইব্রেকারে হেরে যায় বায়ার্ন। এবার মনের ভেতর থেকেই অনুভব করছিলেন তাড়না। দলকে এবার জেতাতেই হবে। মন বলছিল ঈশ্বর এবার তাঁকে ফেরাবেন না। তাঁর গোলেই তৃতীয়বারের প্রচেষ্টায় চ্যাম্পিয়নস লিগের রুপালি ট্রফিটা নিজেদের করে নেবে বায়ার্ন মিউনিখ।রোবেনের ইচ্ছা পূরণ হয়েছে। ৮৮ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে পায়ের দারুণ কাজ দেখিয়ে ডর্টমুন্ডের গোলরক্ষক রোমান উইডেনফেলারকে পরাভূত করে দলের জয়ে রাখলেন অসামান্য অবদান। এক বছর আগের ওই দুঃস্বপ্নের ক্ষতে প্রলেপ দিলেন অনন্যসাধারণ উপায়ে।‘আমি জানতাম যে জয়সূচক গোলটি আমার পা থেকেই আসবে।’ চ্যাম্পিয়নস লিগের সাফল্যে যেন শিশুর মতো আবেগী অ্যারিয়েন রোবেন। ফিলিপ লাম ও ন্যয়ার নাকি খেলার আগে রোবেনকে বলেছিলেন, ‘আমরা যদি জিতি, তাহলে জয়সূচক গোলটি তোমার পা থেকেই আসবে।’জয়সূচক গোল করলেও দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করে মনোকষ্টে ভুগছিলেন অ্যারিয়েন রোবেন। ব্যাপারটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম সুযোগটি খুব সহজ ছিল। দ্বিতীয়বার গোলরক্ষক উইডেনফেলারের মুখে মারি। বিরতির সময় আফসোসে ছোট হয়ে যাচ্ছিলাম। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, এভাবে চলতে দেওয়া যায় না। এরপর সুযোগ এলে কোনোভাবেই সেই সুযোগ নষ্ট হতে দেব না।’চ্যাম্পিয়নস লিগের রুপালি ট্রফিটি হাতে নিয়েও যেন বিশ্বাস হতে চাইছে না রোবেনের। চ্যাম্পিয়নস লিগ জেতার মধুর অনুভূতি আপাতত স্বপ্নিল জগতে নিয়ে গেছে রোবেনকে। বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারটি আনন্দময়, জানতাম। কিন্তু সত্যি সত্যি জিতে যাওয়ায় বুঝতে পারছি, অনুভূতিটা কতটা অসাধারণ। এটি সম্পূর্ণ অবিশ্বাস্য এক ব্যাপার।’বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলাটি ‘সেয়ানে-সেয়ানে কোলাকুলি’ ছিল বলেই মনে করেন এই ডাচ ফুটবলার। তিনি বলেন, ‘খেলাটা হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই সুযোগ পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যোগ্যতর দল হিসেবে আমরাই জিতেছি।’রোবেনের দারুণ লাগছে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে বার্সেলোনাকে পেছনে ফেলায়। তাঁর অভিমত, ‘চ্যাম্পিয়নস লিগ জিততে আমরা সেমিতে বার্সেলোনাকে দুইবার হারিয়েছি। সমর্থকদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!’ সূত্র: গোল ডটকম।