রোবেন-ভার্ট ‘মতবিভেদ’
১১ জুলাই হল্যান্ডের মুখোমুখি হচ্ছে কে? জার্মানি নাকি স্পেন? উত্তরটা এতক্ষণে জেনে গেছেন আপনারা। কিন্তু গতকাল তো আর সেটি জানার উপায় ছিল না। ছিল না বলেই আরিয়েন রোবেন ব্যাকুল হয়ে সমর্থন দিয়েছেন জার্মানিকে, রাফায়েল ফন ডার ভার্ট স্পেনকে।জার্মানির সঙ্গে পুরোনো কিছু হিসাব চুকানোর আছে। ফলে দলগতভাবে হল্যান্ডের প্রিয় প্রতিপক্ষ ছিল জার্মানিই। কিন্তু প্রশ্নটা যখন ব্যক্তিগত পছন্দের, তখন ফন ডার ভার্ট জানিয়েছেন, তিনি চাইছেন স্পেনকে; আর রোবেনের পছন্দের প্রতিপক্ষ জার্মানি। কারণ ফন ডার ভার্ট খেলছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে, রোবেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।পেশাদার ফুটবলারদের আনুগত্য সব সময়ই দুই ভাগে বিভক্ত। একটা অংশ জাতীয় দলের জন্য, আরেকটা ক্লাবের। ক্লাব ফুটবলেই বেশির ভাগ সময় কাটাতে হয় বলে, ভিনদেশে গিয়ে খেলার সময় সেই দেশটাকেও অনেকটা আপন করে নেন এই ফুটবলাররা। নেন বলেই রোবেন আর ফন ডার ভার্টের চাওয়ায় এই ভিন্নতা। ‘আমি আমার বায়ার্নের সতীর্থদেরই ফাইনালে দেখব বলে আশা করছি। আমাদের সবার সঙ্গে সবার এসএমএসের মাধ্যমে যোগাযোগ হয়’—কালকের সেমিফাইনালের আগে বলেছেন রোবেন। ফন ডার ভার্টের স্পেন-প্রীতির আরেকটি যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। তাঁর মা যে স্প্যানিশ! এএফপি।