রোবেনই বিশ্বকাপ জিতিয়েছেন স্পেনকে: মেসি

২০১০ বিশ্বকাপের ফাইনালে আরিয়েন রোবেন মাঠে নেমেছিলেন স্পেনের প্রতিপক্ষ হিসেবে। হল্যান্ডের জার্সি গায়ে। অথচ লিওনেল মেসি কিনা দাবি করছেন, রোবেনের জন্যই বিশ্বকাপ জিততে পেরেছে স্পেন? অদ্ভুতই শোনাতে পারে। যদিও নিজের দাবির পক্ষে জোরালো যুক্তিও হাজির করেছেন মেসি। ফাইনালে মোক্ষম দুটি গোলের সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি রোবেন। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য কাটার পর অতিরিক্ত সময়ে ইনিয়েস্তার গোলে জয় পেয়েছিল স্পেন। সত্যিই তো, রোবেন যদি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট না করতেন, তাহলে তো বিশ্বকাপের শিরোপাটা হাতে তুলতে পারতেন না ক্যাসিয়াসরা। সেই অর্থে রোবেনই তো বিশ্বকাপ জিতিয়েছেন স্পেনকে।
ফাইনালে ৬০ মিনিটের মাথায় একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন রোবেন। সামনে ছিলেন শুধু স্পেনের গোলরক্ষক ক্যাসিয়াস। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই গোলের সুযোগটা নষ্ট করেছিলেন পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স দেখানো রোবেন। ভাগ্যদেবী যে বিশ্বকাপের গত আসরে সত্যিই স্পেনের পাশেই ছিলেন, সেটাই দৃঢ়ভাবে বিশ্বাস করেন মেসি। সম্প্রতি এক সাক্ষাত্কারে আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘বিশ্বকাপ জিততে গেলে ভাগ্যের সহায়তাও দরকার। ঠিক যেমনটা স্পেন পেয়েছিল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে। ২০১০ বিশ্বকাপে স্পেন সেরা দল ছিল। কিন্তু তারা খুব ভাগ্যবান যে ফাইনালে রোবেন দুটি দারুণ গোলের সুযোগ নষ্ট করেছিলেন।’
স্পেন এবারের বিশ্বকাপেও অংশ নেবে অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু কেমন হবে যদি বার্সেলোনা সতীর্থদের ম্লান করে দিয়ে বিশ্বকাপ শিরোপাটা হাতে তুলতে পারেন মেসি? আর্জেন্টাইন ফরোয়ার্ডের দাবি, এতে নাকি খুশিই হবেন জাভি-ইনিয়েস্তারা, ‘জাভি আর ইনিয়েস্তা আমার বন্ধু। আর তারা আমাকে বলেছে যে, তারা চায় আমি যেন বিশ্বকাপ জিততে পারি।’— গোল ডটকম