রোবেনদেরও বিশ্বাস হচ্ছে না
বার্সাকে ৪-০ গোলে হারাবে বায়ার্ন। পাঁড় বায়ার্ন সমর্থককেও ম্যাচের আগে এই কথা বললে হয়তো হেসেই উড়িয়ে দিতেন। এ এমন এক ফল, যেটা বিশ্বাস করা সত্যিই কঠিন।বায়ার্ন শিবিরের কথাবার্তাতেও পরিষ্কার, এটা তাদেরও প্রত্যাশা ছাড়িয়ে গেছে। দল দুর্দান্ত খেলছে। লিগ জেতা হয়ে গেছে এরই মধ্যে। কাপ আর চ্যাম্পিয়নস লিগ জিতে প্রথম জার্মান দল হিসেবে শিরোপাত্রয়ী জেতার গৌরব ভালোমতোই হাতছানি দিচ্ছে। তাই বলে বার্সাকে এভাবে উড়িয়ে দেওয়া! আরিয়েন রোবেনের যেন বিশ্বাসই হচ্ছে না, ‘এটা পাগলাটে ব্যাপার, বিশ্বাস করাই কঠিন। কয়েক বছর ধরে ওরা ইউরোপ শাসন করেছে। তারাই কিনা আমাদের কাছে হারল ৪-০ গোলে!’বায়ার্ন কিংবদন্তি ও বর্তমান সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগেও বললেন, ‘এ রকম রাতের অভিজ্ঞতা আগে কখনো হয়নি এবং আমি ফুটবলে আছি কম দিন নয়।’ ফাইনাল একরকম নিশ্চিতই হয়ে গেছে, তবে এখনই আত্মতৃপ্তির জোয়ারে গা ভাসাতে রাজি নন ইয়ুপ হেইঙ্কেস। বায়ার্ন কোচ বরং বলছেন, ‘আমি এই ফলে খুশি, কিন্তু উচ্ছ্বসিত নই। এখনো কিন্তু স্পেনে গিয়ে ৯০ মিনিট খেলে আসতে হবে। আজ রাতে যা হয়েছে, আমরা সেটি উদ্যাপন করব। এর বেশি কিছু নয়।’ কোচদের এমন হতেই হয়। তবে এই ম্যাচে সবকিছু যে তাঁর চাওয়ামতোই ঘটল, সেই তৃপ্তিটাও আড়াল করতে পারছিলেন না বিদায়ী কোচ, ‘আমরা বার্সাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছিলাম। শুরুতে একটু সমস্যা হচ্ছিল বটে, কিন্তু দ্রুতই নিয়ন্ত্রণ নিয়ে আমরা আমাদের ফুটবলের ধরন অনুযায়ীই ম্যাচটাকে চালিয়েছি। বলতেই হবে, আমরা দুর্দান্ত করেছি।’গোলদাতার তালিকায় তাঁর নাম নেই। তবে নেপথ্যে থেকে ম্যাচের আসল নায়ক কিন্তু বাস্তিয়ান শোয়েনস্টেইগার। বার্সার মাঝমাঠ নিষ্ক্রিয় করে ফেলায় বড় ভূমিকা রাখা সেই তিনি বলছেন, ‘আমরা ওদের চাপের মধ্যে ফেলতে চেয়েছি। সেটাই কাজে দিয়েছে।’ দুটি গোল করে ও একটি করিয়ে এই রাতে সবচেয়ে উজ্জ্বল টমাস মুলার। জার্মান এই স্ট্রাইকার অবশ্য নিজের চেয়ে দলের কথাই বললেন বেশি করে, ‘আমরা কী করতে পারি, এটা তো গোপন কিছু নয়। সম্প্রতি আমরা বেশ বড় বড় কয়েকটা জয় পেয়েছি। কিন্তু তার পরও বার্সার মতো দলকে এভাবে হারানো অন্য রকম একটা ব্যাপার।’বায়ার্ন সত্যিই দুর্দান্ত গতিতে ছুটছে। গত চার ম্যাচে করেছে ২০ গোল! তবে নিজে রক্ষণভাগের সৈনিক বলেই এই চার ম্যাচে বায়ার্ন যে মাত্র দুটি গোল খেয়েছে—এটাই বেশি তৃপ্তি দিচ্ছে বায়ার্ন অধিনায়ককে। ফিলিপ লাম বললেনও, ‘রক্ষণে আমরা প্রায় নিখুঁত হয়ে উঠেছি।’তাঁর এই কথা ইঙ্গিতপূর্ণ। ১ মের ফিরতি লেগে বায়ার্নের জালে বার্সার চারবার বল পাঠানোর চিন্তাটাকে ‘ধন্য আশা কুহকিনী’-ই বলতে হয়। এএফপি, রয়টার্স।