রোবেনের আক্ষেপ ঘোচানোর মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিয়েন রোবেন
আরিয়েন রোবেন

স্বার্থপরতার দুর্নাম ঘুচিয়েছেন৷ অজস্র সুযোগ হেলায় হারানোর দিনগুলোও এখন অতীত৷ দূর করেছেন ক্যানসারের শঙ্কা৷ চোটের সঙ্গে আগের মতো সখ্য আর নেই, এখন আর চোটের সমার্থক নন৷ সম্ভাবনার অনেকটাই বাস্তবে রূপ দিয়ে হয়ে উঠেছেন সত্যিকারের ম্যাচ উইনার, যেকোনো প্রতিপক্ষের মাথাব্যথার কারণ৷ চারটি দেশে ঘরোয়া লিগ জিতেছেন, পেয়েছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ৷ মনে বয়ে বেড়াচ্ছেন শুধু একটি ক্ষত—খুব কাছে গিয়েও বিশ্বকাপ জিততে না পারা! চার বছর ধরে বয়ে বেড়ানো সেই আক্ষেপ ঘোচানোর মিশন নিয়ে এবার ব্রাজিল যাচ্ছেন আরিয়েন রোবেন৷
অথচ আক্ষেপ নয়, হতে পারতেন তিনি ২০১০ বিশ্বকাপ ফাইনালের নায়ক৷ জোহানেসবার্গের সকার সিটিতে ম্যাচের ৬১ মিনিটে ওয়েসলি স্নাইডারের পাস থেকে বল ধরে গোলের সামনে ইকার ক্যাসিয়াসকে একা পেয়েছিলেন রোবেন৷ নিশ্চিত গোলের সম্ভাবনা, কিন্তু ভক্তরা কেন ‘সেন্ট ইকার’ বলে ডাকেন, ওই মুহূর্তেই সেটি প্রমাণের কথা মনে পড়ল ক্যাসিয়াসের৷ পড়ে গিয়েও পা দিয়ে দারুণভাবে ফিরিয়ে বঞ্চিত করলেন রোবেন ও হল্যান্ডকে৷ ফাইনালের পর রোবেন বেশ কবার বলেছেন, ওই গোল নষ্ট করা এখনো তাড়িয়ে বেড়ায় তাঁকে৷ এই চার বছর পরও পেছনে তাকিয়ে ভেবে পান না, কীভাবে জালে পাঠাতে পারলেন না ওই বল!
একটা সময় অবশ্য ওটাই ছিল নিয়িমত দৃশ্য৷ রোবেনের সমার্থক ছিল দুটি শব্দ—চোট আর গোল মিস৷ একের পর এক চোট লেগেই থাকত৷ কোনো কোনো মৌসুমে যেন মাঠের ভেতরের চেয়ে বাইরেই বেশি থাকতেন৷ মাঠে থাকলেও দারুণ সব কারিকুরি দেিখয়ে শেষমেশ বেশির ভাগ সময় হাতছাড়া করতেন সুযোগ৷ ডান দিক থেকে চোখের পলকে একজন-দুজনকে কাটিয়ে ভেতরে ঢুকলেন, তারপর বাঁ পায়ে নেওয়া তীব্র শট বেশিরভাগ সময়ই চলে যেত সাইডবারের বাইরে দিয়ে বা ক্রসবারের ওপর দিয়ে৷ পিএসভি আইন্দহোফেনে আলো ছড়িয়ে চেলসি হয়ে নাম লেখান রিয়াল মাদ্রিদে৷ লিগ শিরোপা জিতলেন নিজ দেশ থেকে ইংল্যান্ড হয়ে স্পেনে৷ কিন্তু রোবেনের সম্ভাবনার সত্যিকার প্রকাশ যেন দেখা যাচ্ছিল না মাঠের পারফরম্যান্সে৷ অত কারিকুরি দেখানো প্রবণতায় স্বার্থপর দুর্নামও জুটল৷
অবশেষে পুরোটা প্রস্ফুটিত হতে থাকলেন যেন জার্মানি গিয়ে৷ সময়ের সঙ্গে হলেন আরও পরিণত, চোটমুক্ত থাকা শিখলেন৷ তাঁর নিজের ভাষায়, ‘যখন আমি চোটমুক্ত থাকি, তখন নিজেকে উজাড় করে দিই৷’ বায়ার্ন মিউনিখে গিয়ে দেখালেন, নিজেকে ঢেলে দেওয়া রোবেন কতটা ভয়ংকর৷ সম্ভাবনার অপচয়কারী একজন থেকে রোবেন হয়ে উঠলেন বিশ্বসেরাদের একজন৷ এই পাঁচ মৌসুমে বায়ার্ন বুন্দেসলিগা জিতেছে তিনবার, প্রতিবারই বড় অবদান রোবেনের৷ সাফল্য ধরা দিয়েছে চ্যাম্পিয়নস লিগেও৷ ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করলেন চেলসির বিপক্ষে৷ টাইব্রেকারে হারল দল৷ এই আক্ষেপ খুব দীর্ঘ হতে দেননি৷ পরের বছরই ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৮৯ মিনিটে গোল করে ইউরোপ-সেরার সম্মান এনে দিয়েছেন বায়ার্নকে৷
গত বিশ্বকাপে গিয়েছিলেন চোট নিয়ে৷ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলতেই পারেননি, শেষ ম্যাচে নেমেছিলেন ৭৩ মিনিটে৷ শেষ ষোলোতে খেলেছেন শুরু থেকেই৷ স্লোভাকিয়ার বিপক্ষে গোল করে দলকে শেষ আটে তোলার পাশাপাশি হয়েছিলেন ম্যাচসেরা৷ সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্যবধান গড়ে দিল রোবেনের দুর্দান্ত হেডের গোল৷ কিন্তু ফাইনালে গোল নষ্ট করার হতাশা৷ চ্যাম্পিয়ন লিগ ফাইনালে গোল মিসের হতাশা ঘুচিয়েছিলেন পরের ফাইনালে গোল করে৷ এবার কি তাহলে বিশ্বকাপের পালা? রয়টার্স, ওয়েবসাইট৷