রোবেনের ইনজুরিতে ডাচদের দুষছে বায়ার্ন
আরিয়েন রোবেন দুই মাস খেলতে পারবেন না বলে হল্যান্ডের ওপর খেপেছে বায়ার্ন মিউনিখ। তাদের অভিযোগ, ইনজুরিতে থাকার পরও বিশ্বকাপে রোবেনকে খেলানোর কারণেই মাঠের বাইরে চলে যেতে হয়েছে এই স্ট্রাইকারকে। রয়টার্স।ডাচদের খামখেয়ালিপনার কারণে রোবেনের ইনজুরি মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে বায়ার্ন মিউনিখের চিকিত্সক হ্যান্স-উইলহেম মুয়েলার বলেন, ‘এটা ডাচদের খামখেয়ালিপনার ফসল। আমি তাদেরকে পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু রোবেনকে পরীক্ষা না করেই নিজেদের স্বার্থে মাঠে নামায় তারা।’ এরপর মুয়েলার যোগ করেন, ‘রোবেনের ইনজরিতে আমি হতাশ। তাঁর অনুপস্থিতি আমার ও আমাদের দলের জন্য হতাশার কারণ।’ রোবেনের মতো তারকাকে আগামী দুই মাস না পাওয়ায় ক্ষুব্ধ ক্লাব প্রেসিডেন্ট কার্ল হেইঞ্জ। বিষয়টি তিনি ডাচ ফেডারেশনে তুলবেন বলে জানিয়ে দিয়েছেন। হেইঞ্জ বলেন, ‘স্বাভাবিকভাবেই বায়ার্ন মিউনিখ ডাচদের আচরণে ক্ষুব্ধ। জাতীয় দলের হয়ে খেলে ইনজুরিতে পড়ার পর আরেকবার তার খেসারত দিতে হচ্ছে আমাদেরকে।’