রোবেনের চোটে ক্ষুব্ধ বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না আরিয়েন রোবেনের। বিশ্বকাপের পর এখনো মাঠেই নামা হয়নি আরিয়েন রোবেনের। অথচ চোটে পড়েছেন তিনি! আসলে শরীরে বাসা বাঁধা পুরোনো চোটটাই এখনো সারেনি। বায়ার্ন মিউনিখের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর আগে নিয়মিত ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে রোবেনের এই চোট।রোবেনের চোটের কথা জানিয়েছেন ক্লাবের চিকিৎসক হানস-উইলহেম মুলার-উলফার্ট। বায়ার্ন মিউনিখের ওয়েবসাইটে উইলহেম মুলার জানিয়ে দিয়েছেন, ‘রোবেনের চোটটা ঊরুতে। আর চোটটা গুরুতরই। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।’ দুই মাস মাঠের বাইরে থাকা মানে বুন্দেসলিগার শুরুর দিককার এবং চ্যাম্পিয়নস লিগেরও গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারবেন না রোবেন। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। মৌসুম শুরুর আগেই বড় একটা ধাক্কা খেল গতবার ‘ডাবল’ জেতা বায়ার্ন মিউনিখ।ধাক্কা খেলেন রোবেন নিজেও। ছুটি কাটিয়ে পুরো উদ্যম নিয়েই অনুশীলন করতে ফিরেছিলেন। কিন্তু ফিরেই পেলেন লুকিয়ে থাকা চোটের খবর। ক্লাবের চিকিৎসকের কাছে চোটের কথা শুনে হতাশ রোবেন, ‘এভাবে চোট ধরা পড়াটা স্বাভাবিক হতাশা হয়েই এসেছে। ফিরেই এমন একটা খবর শুনতে হয়েছে বলে খারাপ লাগছে। মাঠের বাইরে থাকাটা আমার ও ক্লাবের জন্য হতাশার।’রোবেনের এই চোটের দায় ক্লাব সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে দিয়েছেন হল্যান্ড জাতীয় দলকে। বিশ্বকাপের ঠিক আগে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়েছিলেন রোবেন। সেই চোট ভালো করে সেরে উঠতে না-উঠতেই তাঁকে মাঠে নামিয়ে দিয়েছে হল্যান্ড। এটাই তাঁর জন্য কাল হয়েছে বলে মনে করেন রুমেনিগে।রোবেনের চোট নিয়ে কথা বলতে গিয়ে হল্যান্ড জাতীয় দলের চিকিৎসকদের ওপর বিরক্তি ঢেলে দিলেন রুমেনিগে, ‘আরও একবার একটি জাতীয় ফেডারেশনের নির্বুদ্ধিতা ও ভুল রোগ নির্ণয়ের মাশুল দিতে হচ্ছে আমাদের। এটা দুঃখজনক। স্বাভাবিক কারণেই বায়ার্ন মিউনিখ অসন্তুষ্ট। আরও একবার একজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে চোট পাওয়ার পর তার খরচ দিতে হচ্ছে আমাদের।’ এএফপি, রয়টার্স।