রোবেনের ফাউল নিয়ে বিতর্ক

৮৭ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর লাইন—মেক্সিকো ১-০ হল্যান্ড। এরপর সাত মিনিটের ডাচ-ঝড়। মুহূর্তেই এলোমেলো মেক্সিকোর স্বপ্ন-সাধ। ম্যাচের স্কোরলাইন পাল্টে গেল ভোজবাজির মতো! আবারও দ্বিতীয় রাউন্ডের গেরোয় আটকে গেল মেক্সিকোর বিশ্বকাপ-স্বপ্ন। মেক্সিকান সমর্থকেরা এখন তাঁদের স্বপ্ন-খুনের দায়ভার চাপাচ্ছেন ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেনের ওপরই।
৯৩ মিনিটে পেনাল্টি বক্সে রাফায়েল মার্কাজের ট্যাকলে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন রোবেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি। পেনাল্টি থেকে গোল আদায় করলেন ক্লাস-ইয়ান হান্টেলার। তাতেই নিশ্চিত হলো হল্যান্ডের কোয়ার্টার ফাইনাল। কিন্তু এর পরেও কথা থেকে যায়। মেক্সিকোর বিপক্ষে রোবেনের আদায় করা পেনাল্টিটি কী সঠিক ছিল? রোবেন কি সত্যিই মার্কাজের ফাউলের শিকার হয়েছিলেন? নাকি ঝাঁপ দিয়ে প্রদর্শন ঘটিয়েছিলেন তাঁর নিপুণ ‘অভিনয়শৈলী!’ পুরো বিষয়টিই বিতর্কের ঝড় তুলেছে গোটা ফুটবল দুনিয়ায়।
মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা ঝাল ঝাড়লেন পর্তুগিজ রেফারি পেদ্রো প্রোয়েনকার ওপর, ‘আমাদের হারার জন্য দায়ী রেফারিই। তিনিই আমাদের বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছেন। ফাউল না হলেও ফাউল ধরলে তো বিশ্বকাপ থেকে বিদায় নিতেই হবে। আপাতত কিছুই করার নেই। আমরা আশা করব, রেফারি কমিটি এ ব্যাপারে পদক্ষেপ নেবে এবং ওই ভদ্রলোক (রেফারি) আমাদের মতোই বাড়ি ফিরে যাবেন।’
যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই রোবেন কী বলেন? রোবেন অবশ্য ক্ষমা চাইলেন ঝাঁপ দেওয়ার জন্য। তবে ৯৩ মিনিটের ফাউলের জন্য নয়। ম্যাচে আরও দুবার ডাইভ দিয়েছিলেন বলে জানিয়েছেন ডাচ ফরোয়ার্ড। ক্ষমা চাইলেন সেগুলোর একটির জন্য। রোবেন বললেন, ‘সত্যি বলতে কি, প্রথমার্ধে আমি দুবার ভুয়া ডাইভ দিয়েছি। আমি এ জন্য ক্ষমা চাইছি। ওটা করা উচিত হয়নি। তবে এটা ঠিক যে পেনাল্টিটা ঠিকই ছিল।’ এএফপি, রয়টার্স।