রোবেনের ফেরা
তাঁর জন্য শোকগাথা লেখা হয়ে গিয়েছিল। সবাই বিশ্বাস করে ফেলেছিলেন, তাঁর বিশ্বকাপ শেষ। কিন্তু ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে এলেন আরিয়েন রোবেন। আর ছাই থেকে উঠে এসে এমন আগুন জ্বাললেন, পুড়ে ছাই হয়ে গেল স্লোভাকিয়ার বিশ্বকাপ-স্বপ্ন। একের পর এক চোট-আঘাতকে ইনজুরির পর ইনজুরিকে জয় করে পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনটা এমনই ভয়ংকর হলো যে বিস্মিত স্লোভাকিয়া কোচ ভ্লাদিমির ভেইস পর্যন্ত ‘রোবেন, রোবেন’ নাম জপতে শুরু করে দিয়েছেন। ম্যাচ শেষে নিজেদের শোক-দুঃখের কথা কী বলবেন? স্রেফ মুখ কালো করে বললেন, ‘যখনই খেলোয়াড় তালিকায় ওর নাম দেখেছি, তখনই বুঝেছি হল্যান্ডের শক্তি দেড় গুণ বেড়ে গেল। আমি ঠিকই ভেবেছি।’যতক্ষণ মাঠে ছিলেন, এমন প্রশংসা পাওয়ার মতো খেলেছেন। নিঃসন্দেহে এই ম্যাচের ‘হাইলাইট’ ১৮ মিনিটে করা তাঁর গোলটা। বক্সের বাইরে স্নাইডারের কাছ থেকে বল পেয়ে শরীরে মোচড় দিয়ে দুই ডিফেন্ডারকে বিভ্রান্ত করে ফেললেন; একটু ফাঁকা জায়গায় বেরিয়ে গেলেন। দূর পোস্টে শট নিলেন বক্সের বাইরে থেকে, বল জড়িয়ে গেল জালে। এই গোল নিয়ে অনেক দিন তৃপ্তির ঢেকুর তোলা সম্ভব। কিন্তু পেছনে তাকানোর সময় নেই রোবেনের, ব্রাজিলের বিপক্ষে এখন কিছু একটা করে দেখাতে চান, ‘ব্রাজিলের বিপক্ষে ভালো কিছু করতে চাইলে আমাদের উন্নতি করতে হবে। আমরা এখনো আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আশা করি, ব্রাজিলের বিপক্ষে আরও ভালো খেলব।’চেলসির হয়ে দুবার ইংলিশ লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে একবার লা লিগা এবং গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন বুন্দেসলিগা শিরোপা। ২০০৩ সালে অভিষেকের পর থেকে ৪৮ ম্যাচে ১৬টি গোল করেছেন, করিয়েছেন অনেক গোল। সব সময়ই বড় আসরের বড় তারকা হয়ে এসেছেন হল্যান্ড দলের জন্য। ২০০৪ ও ২০০৮ ইউরোতে দুর্দান্ত খেলেছেন। তবে রোবেনের সবচেয়ে উজ্জ্বল ঝলকটা হল্যান্ড দেখেছে গত বিশ্বকাপে। গ্রুপ পর্বে সার্বিয়া-মন্টেনেগ্রো ও আইভরিকোস্টের বিপক্ষে দু ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। দ্বিতীয় পর্বে পর্তুগালের বিপক্ষে হেরে বিদায় নিলেও রোবেন ঠিকই উজ্জ্বল ছিলেন।উজ্জ্বলতা এবার বিশ্বকাপেও থাকবে বলেই ডাচরা স্বপ্ন বুনছিলেন। কিন্তু স্বপ্নটা একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছিল দল দক্ষিণ আফ্রিকা রওনা দেওয়ার ঠিক আগের দিন। হাঙ্গেরির বিপক্ষে ৬-১ গোলে জেতা প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়লেন রোবেন। ‘শেষ’ হয়ে গেল তাঁর বিশ্বকাপ। আঘাত-জর্জরিত মৌসুম কাটানো রোবেনের আশা সবাই ছেড়ে দিলেও কোচ বার্ট ফন মারউইক ছাড়েননি। তিনি বারবার বলছিলেন, ‘রোবেনের জন্য আমি বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি।’মারউইকের এই বিশ্বাসে ফল মিলেছে। বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। ৭৩ মিনিটে নেমেছিলেন ক্যামেরুনের বিপক্ষে ১-১ খেলা চলা অবস্থায়। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে দুর্দান্ত শট করলেন রোবেন। পোস্টে লেগে ফেরা বল জালে জড়িয়ে দিয়ে হল্যান্ডকে জেতালেন হান্টেলার। সেই রোবেনই পূর্ণাঙ্গ মহিমায় আবির্ভূত হলেন স্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচে। মহিমাটা স্লোভাকরা বুঝতে পারছে, উপভোগ করছে হল্যান্ড। উপভোগ করছেন রোবেনও, ‘ইনজুরি থেকে ফেরার পর এটা আমার প্রথম শুরু থেকে খেলা। জানতাম না যে কেমন খেলতে পারব। শেষ পর্যন্ত যে মোটামুটি খেলতে পারলাম, এতে খুব সন্তুষ্ট আমি।’ এএফপি, ওয়েবসাইট।