রোবেনের রাজকীয় প্রত্যাবর্তন
ইনজুরির কবলে পড়ে বিশ্বকাপটাই অনিশ্চিত হয়ে পরেছিল হল্যান্ডের তারকা স্ট্রাইকার আরিয়েন রোবেনের। রোবেনকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় এসেছিল ডাচরা। কিন্তু রোবেনের পরিবর্তে অন্য কোন খেলোয়াড়কে দলে ডাকেন নি ডাচ কোচ বার্ট ফন মারউইক। কোচের আস্থার প্রতিদান বেশ ভালোমতোই দিয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে বেশ বড় একটা অবদান ছিল রোবেনের। এবার নিজ দেশ হল্যান্ডের জার্সি গায়েও যে কতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটাও স্পষ্ট করে দিলেন। ইনজুরি কাটিয়ে মাঠে নামলেও রোবেন নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন কিনা তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। কিন্তু সব সংশয় কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তনই হল আরিয়েন রোবেন। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নেমে নিজের জাত ভালো করেই চেনালেন তিনি। ১৮ মিনিটের মাথায় স্লোভাকিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে করলেন অসাধারণ এক গোল। ৭০ মিনিটে মাঠ ছেড়ে যাওয়ার আগপর্যন্ত একের পর এক আক্রমণে বিপর্যস্ত করে দিয়েছিলেন স্লোভাক রক্ষণভাগ।দলে রোবেনের উপস্থিতি যেন নতুনভাবে অনুপ্রাণিত করেছে ডাচদেরকে। ৭০ মিনিটে রোবেনের পরিবর্তে মাঠে নামা এলজেরো এলিয়া রোবেনের প্রশংসায় পঞ্চমুখ। ‘রোবেন যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সেটা সে খুব ভালোমতোই দেখিয়েছে।’ বলেছেন এলিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে আরেক গোল করা ওয়েসলি স্নাইডারও গলা মিলিয়েছেন এলিয়ার সঙ্গে, ‘রোবেন যে একজন অসাধারণ খেলোয়াড়, এতে কোন সন্দেহ নেই। খুব ভালো লাগছে ও ফিরে আসায়’, বলেছেন স্নাইডার। রোবেনকে পুরোনো ফর্মে ফিরে পেয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে বেশ শক্ত মনোবল নিয়েই মাঠে নামতে পারবে ডাচরা।