রোবেনের শেষ মুহূর্তের গোল, ইংলিশদের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড বনাম হল্যান্ডের উত্তেজনাপূর্ণ প্রীতি ম্যাচটি ২-২ গোলের ড্র দিয়েই শেষ হবে, এমনটাই ধরে নিয়েছিল সবাই। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ড সমর্থকদের হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে এনেছেন ডাচ তারকা আরিয়েন রোবেন। গতকাল ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের এই জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিজেদের শক্তিমত্তারও জানান দিয়ে দিল গত বিশ্বকাপের রানার আপরা।গতকালের ম্যাচ শুরু হওয়ার আগে নিশ্চিতভাবেই বেশ খানিকটা এগিয়ে ছিল ইংল্যান্ড। জার্মানির বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল হল্যান্ডকে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে ছিল ইংল্যান্ড। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হল্যান্ডের বিপক্ষেই হারের মুখ দেখল স্টুয়ার্ট পিয়ার্সের শিষ্যরা।প্রথমার্ধে খেলাটি ছিল ম্যাড়মেড়ে। উত্তেজনাপূর্ণ জমাটি খেলার কোনো আভাসই পাওয়া যায়নি তখন। নিরুত্তাপ-উত্তেজনাহীন প্রথমার্ধ গোল-শূন্যভাবেই কেটে যায়। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ান আরিয়েন রোবেন। পরের মিনিটেই ব্যবধান বাড়ান ক্লাস-জন হান্টেলার। জয় প্রায় নিশ্চিতই হয়ে যায় হল্যান্ডের। কিন্তু শেষ পর্যায়ে খেলা উত্তেজনাপূর্ণ করে তোলেন ইংলিশ স্ট্রাইকাররা। ৮৫ ও ৯০ মিনিটে দুইটি গোলই শোধ করে দেন গ্যারি কাহিল ও অ্যাশলে ইয়ং। শেষ মুহূর্তে খেলায় আরও নাটকীয়তা যোগ করেন রোবেন। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের জালে আরও একবার বল জড়িয়ে দেন ২৮ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডার। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হল্যান্ড। ম্যাচ শেষে দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও পারফরমেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি হল্যান্ডের কোচ বার্ট ফন মারউইক। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘জার্মানির কাছে ৩-০ গোলে হারের পর যে কোন ধরনের জয়ই আমাদের জন্য ইতিবাচক। কিন্তু এই ম্যাচটা খুব একটা সন্তোষজনক হয়নি। যদিও দ্বিতীয়ার্ধটা উত্তেজনাপূর্ণ ও শেষটা খুবই রোমাঞ্চকর ছিল।’ রয়টার্স