রোবেনের সাফল্যের পেছনে...

ইয়োহান ক্রুইফকে মনে করা হয় বার্সেলোনার ফুটবলগুরু। বার্সেলোনায় বর্তমান পাসিং ফুটবলের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তিনিই। এখনো দূর থেকে বার্সেলোনার শুভকামনা করে যান। কিন্তু ডাচ কিংবদন্তির ভেতরের ডাচ-সত্তাটা যাবে কোথায়? হল্যান্ডের কাউকে ভালো করতে দেখলেই ক্রুইফও উদ্বেলিত হন। মেতে ওঠেন উত্তরসূরির প্রশংসায়। বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক আরিয়েন রোবেনকেও প্রশংসায় ভাসালেন ক্রুইফ।
গত শনিবার ওয়েম্বলির ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন। তাতে রোবেনের অবদানই সবচেয়ে বেশি। জয়সূচক গোলটিই শুধু করেননি, দলের প্রথম গোলটিও বানিয়ে দিয়েছিলেন তিনিই। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফাইনালে রোবেনের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রুইফকে। তিনি মনে করেন, অনেক ম্যাচে বেঞ্চে থাকাতেই সাফল্যের জন্য অনুপ্রাণিত হয়েছেন ডাচ উইঙ্গার।
মৌসুমজুড়ে বেশির ভাগ সময়ই ২৯ বছর বয়সী ডাচ উইঙ্গারকে বেঞ্চে বসিয়ে রাখেন বায়ার্নের বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেস। লিগে বায়ার্নের ৩৪ ম্যাচের মাত্র ১৬টি খেলেছেন রোবেন। তার অধিকাংশ ম্যাচেই নেমেছেন বদলি হিসেবে। ডি টেলিগ্রাফ-এ নিজের কলামে ক্রুইফ লিখেছেন, ‘ডর্টমুন্ডের দল সাজানো ও ফুটবল-সামর্থ্য আমাকে বেশি টেনেছে, কিন্তু বায়ার্নের অভিজ্ঞতা ও দারুণ সমন্বয়ই শেষ পর্যন্ত জিতেছে লন্ডনে। অবশ্যই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আরিয়েন রোবেনের ধন্যবাদ প্রাপ্য। মাস চারেক আগেই আমি বলেছিলাম, এই মুহূর্তে বদলি খেলোয়াড়ের ভূমিকাটাই পরে তার জন্য ইতিবাচক হয়ে উঠবে।’
ক্রুইফের সেই কথা অক্ষরে অক্ষরে ফলেছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জয়সূচক গোলটিসহ সর্বশেষ সাত ম্যাচে পাঁচ গোল করেছেন রোবেন। ক্রুইফ বলছেন, বদলি খেলোয়াড়ের ভূমিকার কারণে রোবেন পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন, ‘শনিবার সন্ধ্যায় কিছু সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথম দিকে তাকে সমালোচনা শুনতে হয়েছে। বায়ার্নের আটটি সুযোগের পাঁচটিতেই জড়িত ছিল রোবেন। শেষ পর্যন্ত নিজের কাজটা ঠিকঠাকই করেছে সে।’
হল্যান্ডের সাবেক কোচ বার্ট ফন মারউইক মনে করেন, এই সাফল্যে ২০১০ বিশ্বকাপ ফাইনালের সেই বিভীষিকাময় যন্ত্রণার স্মৃতি থেকে মুক্তি পেয়েছেন রোবেন। ওয়েবসাইট।